Mamata Banerjee

ভবানীপুরে মমতার জন্য ‘বাংলা নিজের মেয়েকেই চায়’-এর ধাঁচে নতুন স্লোগান তৃণমূলের, ‘ঘরের মেয়ে’-র প্রচারকৌশলও চূড়ান্ত

বৃহস্পতিবার তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর নেতৃত্বে ভবানীপুরের প্রিয়নাথ মল্লিক রোডের কার্যালয়ে এক বৈঠকে বসেছিলেন তৃণমূল কাউন্সিলরেরা। সেই বৈঠকে দলের কাউন্সিলরদের ভোটের কৌশল এবং প্রচারের রণনীতি ঠিক করে দেওয়ার পাশাপাশি, নতুন একটি স্লোগান ব্যবহার করতে নির্দেশ দিয়েছেন রাজ্য সভাপতি।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৬ ২১:৩১
A new slogan is penned for Mamata Banerjee\\\'s campaign for Bhabanipur

ভবানীপুরে চলছে দেওয়াল লিখন, মমতা বন্দ্যোপাধ্যায় (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

২০২১ সালের বিধানসভা ভোটে ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ স্লোগান দিয়ে ভোটে বাজিমাত করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল। ’২৬-এর বিধানসভা নির্বাচনে ভবানীপুরে সেই একই ধাঁচে স্লোগান তৈরি করে ফেলল শাসকদল। বৃহস্পতিবার তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর নেতৃত্বে ভবানীপুরের প্রিয়নাথ মল্লিক রোডের কার্যালয়ে এক বৈঠকে বসেছিলেন তৃণমূল কাউন্সিলরেরা। সেই বৈঠকে দলের কাউন্সিলরদের ভোটের কৌশল এবং প্রচারের রণনীতি ঠিক করে দেওয়ার পাশাপাশি, নতুন একটি স্লোগান ব্যবহার করতে নির্দেশ দিয়েছেন রাজ্য সভাপতি। তা হল, ‘বাংলার উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে’।

Advertisement

বৈঠকে রাজ্য সভাপতির দেওয়া নির্দেশ প্রসঙ্গে দলের কোনও কাউন্সিলর বা নেতা প্রকাশ্যে কিছু বলতে চাননি। তবে দক্ষিণ কলকাতা তৃণমূল সূত্রে খবর, প্রত্যেকটি ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে নম্র ভাবে জনসংযোগ করতে নির্দেশ দেওয়া হয়েছে কাউন্সিলরদের। পাশাপাশি সব ওয়ার্ডে কর্মিসভা করতেও বলা হয়েছে। সেই সব কর্মিসভায় হাজির থাকবেন রাজ্য সভাপতি সুব্রত-সহ কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং দক্ষিণ কলকাতা জেলা তৃণমূলের সভাপতি তথা রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমার। দলীয় প্রচার যাতে কোনও ভাবেই আগ্রাসী না হয়, সেই বিষয়ে কাউন্সিলর এবং নেতাদের বিশেষ নজর রাখতে নির্দেশ দিয়েছেন বক্সী।

বৈঠকে হাজির এক নেতার কথায়, ‘‘বক্সীদা আমাদের সবাইকে ‘গো ইন অ সফট মোড’ লাইনটি মেনে চলতে বলেছেন। সঙ্গে বিরোধীদের কোনও প্ররোচনায় পাওয়া দেওয়া যাবে না বলেও নির্দেশ দেওয়া হয়েছে। ভবানীপুরের জন্য বিধায়ক হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় কী কী উন্নয়নের কাজ করেছেন, তা লিফলেটের মাধ্যমে প্রচার করতে বলা হয়েছে। সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে যে ‘বাংলার উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে’ স্লোগানটি বিধানসভা এলাকার মানুষের মনে গেঁথে দিতে হবে।’’

প্রসঙ্গত কলকাতা পুরসভার ৬৩, ৭০, ৭১, ৭২, ৭৩, ৭৪, ৭৭ ও ৮২ ওয়ার্ড নিয়ে গঠিত ভবানীপুর বিধানসভা। বর্তমানে সব ক’টি ওয়ার্ডেই কাউন্সিলরেরা তৃণমূলের। কিন্তু লোকসভা কিংবা বিধানসভা নির্বাচনে এই সব ওয়ার্ডগুলির মধ্যে পাঁচ-ছ’টিতে ভালো ব্যবধানে এগিয়ে যায় বিজেপি। যেহেতু এ বার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তাই সাবধানে পা ফেলছে শাসকদল তৃণমূল।

Advertisement
আরও পড়ুন