West Bengal Election 2026

ভোটের মুখে আবার রেজিনগরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে মিলল ব্যাগ ভর্তি বোমা! ফাঁড়ির একেবারে কাছেই

এই ছেতিয়ানি ঘোষপাড়া এলাকায় মাস খানেক আগেই পরপর বোমা উদ্ধারের ঘটনা ঘটেছিল। বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে এক জনের মৃত্যু পর্যন্ত হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৬ ১৫:২৮
রেজিনগরে উদ্ধার হওয়া বোমা।

রেজিনগরে উদ্ধার হওয়া বোমা। — নিজস্ব চিত্র।

বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই উত্তপ্ত মুর্শিদাবাদের বেলডাঙা-২ ব্লকের রেজিনগর। সোমবার সকালে রেজিনগরের ছেতিয়ানি ঘোষপাড়ার একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে থেকে উদ্ধার হল দু’ব্যাগ ভর্তি তাজা বোমা। স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, এলাকায় পুলিশ ফাঁড়ি থাকা সত্ত্বেও দুষ্কৃতীরা কী ভাবে রাতের অন্ধকারে বোমা রেখে যায়।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, রবিবার রাতে কেউ ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাছে দু’টি বড় ব্যাগ ফেলে রেখে যায়। সোমবার সকালে বিষয়টি স্থানীয় বাসিন্দারা দেখতে পান। খবর দেওয়া হয় রেজিনগর থানায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে এবং বোম ডিজ়পোজাল স্কোয়াডকে খবর দেয়। বর্তমানে সিভিক ভলান্টিয়ারদের কড়া পাহারায় বোমাগুলি রাখা হয়েছে।

এই ছেতিয়ানি ঘোষপাড়া এলাকায় মাস খানেক আগেই পরপর বোমা উদ্ধারের ঘটনা ঘটেছিল। বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে এক জনের মৃত্যু পর্যন্ত হয়েছে। সেই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মুর্শিদাবাদ জেলা পুলিশের পক্ষ থেকে এখানে একটি পুলিশ ফাঁড়ি তৈরি করা হয়েছিল। কিন্তু তার পরেও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে এ ভাবে বোমা উদ্ধারের ঘটনায় পুলিশের নজরদারি নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। বেলডাঙ্গা মহকুমা পুলিশ আধিকারিক উত্তম গড়াই বলেন, ‘‘তদন্ত শুরু হয়েছে। দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। এলাকায় টহলদারি আরও বাড়ানো হয়েছে।’’

Advertisement
আরও পড়ুন