WB Assembly Elections 2026

ভোটে লড়ছেন, ভোটার তালিকায় নাম নেই! কংগ্রেস প্রার্থীকে শীর্ষ আদালতে যেতে বলল কলকাতা হাই কোর্ট

হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের পর্যবেক্ষণ, এসআইআর সংক্রান্ত যাবতীয় মামলার শুনানি বর্তমানে সুপ্রিম কোর্টের অধীনস্থ। শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী, হাই কোর্ট এ নিয়ে শুনানি করতে পারে না।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১৯:০৮

—প্রতিনিধিত্বমূলক ছবি।

কংগ্রেসের টিকিট পেয়ে প্রার্থী হয়েছেন। কিন্তু এসআইআর প্রক্রিয়ায় চূড়ান্ত ভোটার তালিকায় তাঁর নাম-ই ওঠেনি। এই জটিলতা থেকে মুক্তি পেতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ মুর্শিদাবাদের ফরাক্কা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মহতাব শেখ।

Advertisement

মহতাব শেখের আইনজীবী ফিরদৌস শামিম উচ্চ আদালতকে জানিয়েছেন, প্রার্থী হিসাবে তাঁর মক্কেলের নাম ঘোষণা সত্ত্বেও এসআইআর তালিকায় নাম-না থাকায় নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই সমস্যা মেটানোর জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে ট্রাইবুনাল থাকলেও এখনও সেটি কার্যকর নয়। এই পরিস্থিতিতে প্রার্থীর অবস্থান স্পষ্ট করতে এবং নির্বাচনী লড়াইয়ে যাতে কোনও বাধা না-আসে সে জন্য হাই কোর্টের দ্রুত পদক্ষেপের আবেদন করেছেন।

তবে হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের পর্যবেক্ষণ, এসআইআর সংক্রান্ত যাবতীয় মামলার শুনানি বর্তমানে সুপ্রিম কোর্টের অধীনস্থ। শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী, হাই কোর্ট এ নিয়ে শুনানি করতে পারে না। প্রধান বিচারপতি এ-ও জানিয়েছেন, শীর্ষ আদালতের নির্দেশ মেনে এসআইআর সংক্রান্ত প্রশাসনিক বিষয়গুলিতেই তদারকি করছে উচ্চ আদালত। ফলত, কংগ্রেস প্রার্থী যে আইনি জটিলতা বা বিরোধ নিষ্পত্তির সমস্যা সমাধানের ক্ষমতা এই মুহূর্তে হাই কোর্টের নেই। আবেদনকারীকে সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আদালতের এই নির্দেশের পর মহতাব জানিয়েছেন, তাঁরা সমস্যা সমাধানের জন্য সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ১ এপ্রিল তিনি সুপ্রিম কোর্টে এই বিষয়ে আবেদন করবেন বলেও জানিয়েছেন।

Advertisement
আরও পড়ুন