West Bengal Assembly Election 2026

কলকাতায় ভোটের আগের দিন পুলিশকর্তা শান্তনুকে ফের তলব করল ইডি, মঙ্গলবারই হাজিরার নির্দেশ, এ বার কোন মামলায়?

রাজ্যে দ্বিতীয় দফার ভোটের আগের দিন কলকাতার পুলিশকর্তা শান্তনু সিংহ বিশ্বাসকে ফের তলব করল ইডি। কলকাতা পুলিশের এই ডেপুটি কমিশনারকে মঙ্গলবারই সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৬ ১১:০৫
শান্তনু সিংহ বিশ্বাস।

শান্তনু সিংহ বিশ্বাস। —ফাইল চিত্র।

রাজ্যে দ্বিতীয় দফার ভোটের আগের দিন কলকাতার পুলিশকর্তা শান্তনু সিংহ বিশ্বাসকে ফের তলব করল ইডি। কলকাতা পুলিশের এই ডেপুটি কমিশনারকে মঙ্গলবারই সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। ইডি সূত্রে খবর, বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর সঙ্গে সম্পর্কিত মামলার সূত্রেই এই তলব। সোমবার রাতেই ইডির তরফে তলবের নোটিস পৌঁছে গিয়েছে বলে ওই সূত্রটির দাবি।

Advertisement

দক্ষিণ কলকাতার বালিগঞ্জের বাসিন্দা সোনা পাপ্পুর বিরুদ্ধে জমি দখল, তোলাবাজি-সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। অস্ত্র আইনেও মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে। এমন বেশ কিছু অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করে ইডি। ওই মামলায় বেহালার ব্যবসায়ী জয় কামদারকে ইতিমধ্যে গ্রেফতার করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। এই মামলার সূত্র ধরেই চলতি মাসে ফার্ন রোডে শান্তনুর বাড়িতে হানা দিয়েছিল ইডি। ভোর থেকে শুরু হয়েছিল অভিযান। শেষে রাত ২টো নাগাদ শান্তনুর বাড়ি থেকে বেরিয়েছিলেন তদন্তকারী আধিকারিকেরা। ওই অভিযান চলাকালীন শান্তনুকে প্রকাশ্যে দেখা যায়নি। তল্লাশির পরের দিনই, সোনা পাপ্পু সংক্রান্ত মামলায় শান্তনু এবং তাঁর দুই পুত্র সায়ন্তন এবং মণীশকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠিয়েছিল ইডি। সেই দিন তাঁদের কাউকে ইডির দফতরে যেতে দেখা যায়নি।

গত সপ্তাহে কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনুকে বালি পাচার মামলার তদন্তেও তলব করেছিল ইডি। তবে তিনি যাননি। পরিবর্তে শান্তনুর আইনজীবী যান ইডির দফতরে। সূত্রের খবর, অন্য কাজে ব্যস্ত থাকার কারণে শান্তনু সময় চান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে। বালি পাচার সংক্রান্ত একটি মামলায় আর্থিক তছরুপের অভিযোগের তদন্ত চালাচ্ছে ইডি। জানা যাচ্ছে, সেই মামলার সূত্রেই শান্তনুকে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা।

Advertisement
আরও পড়ুন