IT Raid at Miraj Shah's House

এ বার প্রার্থী মমতার প্রস্তাবকের বাড়িতেও আয়কর হানা! দক্ষিণ কলকাতা জুড়ে বেশ কয়েকজন তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি

মমতা বন্দ্যোপাধ্যায় মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিতে চার ধর্মের চার ব্যক্তিকে ‘প্রস্তাবক’ করেছিলেন। তাঁদের মধ্যে অন্যতম মিরাজ। শুক্রবার রাসবিহারীর প্রার্থী, বিদায়ী বিধায়ক দেবাশিস কুমারের বাড়িতে আয়কর হানার মাঝেই এলগিন রোডে মিরাজের বাড়িতেও আয়কর অভিযানের খবর মেলে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ১৪:৫৭
(বাঁ দিকে) মমতা বন্দ্যোপাধ্যায়। মিরাজ শাহ (ডান দিকে)।

(বাঁ দিকে) মমতা বন্দ্যোপাধ্যায়। মিরাজ শাহ (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ তথা ভবানীপুরের তৃণমূল প্রার্থীর প্রস্তাবক মিরাজ শাহের বাড়িতে গেলেন আয়কর দফতরের আধিকারিকেরা। এই ঘটনায় রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছে শাসকদল।

Advertisement

মমতা মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিতে চার ধর্মের চার ব্যক্তিকে প্রস্তাবক করেছিলেন। তাঁদের মধ্যে অন্যতম মিরাজ। শুক্রবার রাসবিহারীর প্রার্থী, বিদায়ী বিধায়ক দেবাশিস কুমারের বাড়ি এবং শ্বশুরবাড়িতে আয়কর হানার মাঝেই এলগিন রোডে মিরাজের বাড়িতেও আইটি অভিযানের খবর মেলে। শাসকদলের অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ইডিকে কাজে লাগিয়েছে বিজেপি। এ ভাবে ভোটে জিততে চায় তারা।

গত ৮ এপ্রিল ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা মনোনয়ন জমা দেন। সর্বধর্মের সমন্বয়ের বার্তা দিতে সে দিন মমতার সঙ্গে ছিলেন অভিনেত্রী তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ কোয়েল মল্লিকের স্বামী প্রযোজক নিসপাল সিংহ রানে। এ ছাড়া ছিলেন শিক্ষাবিদ মিরাজ, মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের স্ত্রী ইসমত হাকিম এবং ৭১ নম্বর ওয়ার্ডের তৃণমূলের ব্লক সভাপতি বাবলু সিংহ। মিরাজ ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজের ট্রাস্টি বোর্ডের সদস্য। এলাকায় যথেষ্ট নামডাক রয়েছে তাঁর। তাঁর বিধানসভা কেন্দ্রের বাসিন্দা মিরাজকে প্রস্তাবক হতে বলেছিলেন মমতা। পত্রপাঠ মিরাজ রাজিও হন। মমতার মননোয়ন জমা দেওয়ার সময় তাঁর সঙ্গে হাজিরও ছিলেন তিনি।

শুক্রবার কলকাতার বেশ কয়েকটি জায়গায় আয়কর হানার খবর আসে। তার মধ্যে রয়েছে সল্টলেক, মিডলটন স্ট্রিটের মতো ‘গুরুত্বপূর্ণ এলাকা’। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় ওই সব জায়গায় তল্লাশি চলে। তল্লাশি চলে তৃণমূল বিধায়ক দেবাশিসের বাড়িতেও। আগে তাঁকে ইডি-ও ডেকে পাঠিয়েছিল। শুক্রবার রাজনৈতিক সভা থেকে কেন্দ্রীয় সংস্থার অভিযানের বিরুদ্ধে সরব হন মমতা। তৃণমূলনেত্রীর অভিযোগ, বিধানসভা নির্বাচনের মুখে ভোটস্বার্থে কেন্দ্রীয় সংস্থা থেকে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়েছে বিজেপি। তিনি বলেন, ‘‘এখানে বিজেপির বড় নেতা জ়েড প্লাস নিয়ে ঘুরে বেড়ায়। সব হরিদাস! এক এক জন ২০-২৫টা সেন্ট্রাল ফোর্স (কেন্দ্রীয় বাহিনীর জওয়ান) নিয়ে ঘুরে বেড়ায়। বাড়ি থেকে বেরোলে কেউ তাকিয়েও দেখে না এদের। এরা গুন্ডামি করছে সেন্ট্রাল ফোর্সকে সঙ্গে নিয়ে। তাদের কিন্তু নিরাপত্তা প্রত্যাহার করে না, শুধু তৃণমূলেরই হয়।’’ তিনি আরও বলেন, ‘‘ক’টা বিজেপির (নেতার) বাড়ি তল্লাশি হয়েছে, আমি জানতে চাই।” বিজেপিকে নিশানা করে মমতা আরও বলেন, ‘‘কালো টাকার হুন্ডি নিয়ে বাংলায় বসে আছে। আর আমার প্রার্থীর বাড়ি, পার্টি অফিসে তল্লাশি করছে! আমার বিমানেও তল্লাশি করতে গিয়েছিল। আমার সিকিয়োরিটিদের রেড করছেন। নির্লজ্জ, বেহায়া! সামনাসামনি লড়াই করতে পারে না। ভীতু, কাপুরুষ!’’

Advertisement
আরও পড়ুন