West Bengal Election 2026

আইএসএফের ‘চাপে’ কি দোলাচল, প্রশ্ন বাম শিবিরে

মধ্যমগ্রাম, বাসন্তী, অশোকনগর নিয়ে যেমন বাম শিবিরে অসন্তোষের হাওয়া, তেমনই বড়সড় প্রশ্ন উঠেছে ক্যানিং পূর্ব নিয়ে। তৃণমূল কংগ্রেস ছেড়ে আসা আরাবুলকে ‘বগলদাবা’ করে তৃণমূলের বিরুদ্ধে লড়া যায় না বলে প্রকাশ্যে মন্তব্য করেছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ০৭:৪৭
মানিকতলা কেন্দ্রের প্রচারে বামফ্রন্ট মনোনীত সিপিআই প্রার্থী  মৌসুমী ঘোষ।

মানিকতলা কেন্দ্রের প্রচারে বামফ্রন্ট মনোনীত সিপিআই প্রার্থী মৌসুমী ঘোষ। — নিজস্ব চিত্র।

পূর্ব সিদ্ধান্ত মতোই মুর্শিদাবাদের ভরতপুর ও পূর্ব মেদিনীপুরের ভগবানপুর আসনে প্রার্থী দিল বামফ্রন্ট। ওই দুই আসনে আইএসএফ প্রার্থী থাকলেও বাম শরিক আরএসপি-কেই বামফ্রন্ট সমর্থন করবে বলে সিদ্ধান্ত হয়েছে। তবে একই রকম সিদ্ধান্ত আগে নিয়ে রাখলেও মধ্যমগ্রাম ও বাসন্তী কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়নি বামফ্রন্টের তরফে! এই টালাবাহানায় বেজায় অসন্তুষ্ট শরিক নেতৃত্ব। আবার আইএসএফ প্রার্থী আরাবুল ইসলামকে সমর্থনের প্রশ্ন নেই বলে জোর গলায় ঘোষণা করার পরেও সেই কেন্দ্রে এখনও প্রার্থী দেয়নি সিপিএম। উত্তর ২৪ পরগনার অশোকনগরের মতো কয়েকটি আসনের ক্ষেত্রেও সিপিএম জেলা নেতৃত্বের চাপ সত্ত্বেও পাল্টা প্রার্থী দিতে দ্বিধায় রয়েছে আলিমু্দ্দিন স্ট্রিট। দল ও ফ্রন্টের মধ্যেই প্রশ্ন উঠছে, আইএসএফের ‘চাপে’র কাছে কি পিছু হটছে সিপিএম?

মধ্যমগ্রাম, বাসন্তী, অশোকনগর নিয়ে যেমন বাম শিবিরে অসন্তোষের হাওয়া, তেমনই বড়সড় প্রশ্ন উঠেছে ক্যানিং পূর্ব নিয়ে। তৃণমূল কংগ্রেস ছেড়ে আসা আরাবুলকে ‘বগলদাবা’ করে তৃণমূলের বিরুদ্ধে লড়া যায় না বলে প্রকাশ্যে মন্তব্য করেছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী পাল্টা বলেছিলেন, কাকে প্রার্থী করা হবে, তাঁদের ব্যাপার। তাঁরা কে্ানও দলের ‘লেজুড়বৃত্তি’ করবেন না! এখন বাম শিবিরে প্রশ্ন, আরাবুলের প্রচারে না-হয় সিপিএমের পরিচিত নেতারা যাবেন না। কিন্তু ক্যানিং পূর্বে বামেরা ভোট দেবে কাকে?

আইএসএফ সংক্রাম্ত প্রশ্নে রবিবার মুর্শিদাবাদের হরিহরপাড়ায় সিপিএমের রাজ্য সম্পাদক সেলিম অবশ্য বলেছেন, ‘‘রাজ্য জুড়ে বামফ্রন্ট এবং সহযোগী হিসেবে আইএসএফ এবং সিপিআই (এম-এল) লিবারেশনের সঙ্গেআমরা সম্পূর্ণ ভাবে আসন সমঝোতা করে লড়ব। আইএসএফের সঙ্গে আমাদের কথা হয়েছে। যেখানে আইএফএফ লড়বে, সেখানে আমাদের প্রার্থী থাকবে না। আর যেখানে আমাদের প্রার্থী থাকবে, সেখানে আইএসএফের প্রার্থী থাকবে না।’’ হরিহরপাড়ায় সিপিএমের মুর্শিদাবাদ জেলা সম্পাদক জ়ামির মোল্লা প্রার্থী হবেন বলেও জানিয়েছেন সেলিম।

বামফ্রন্টের চতুর্থ তালিকা অনুযায়ী, ভরতপুর ও ভগবানপুর আসনে প্রার্থী হচ্ছেন যথাক্রমে আরএসপি-র জেলা সম্পাদক মহম্মদ নওফেল সফিউল্লা (আ্যালবার্ট) এবং প্রতিভা রানি কর শাসমল। পাহাড়ের কার্শিয়াং আসনে সিপিএমের প্রার্থী উত্তম শর্মা। ইসলামপুরে সিপিএমের প্রার্থী বাজ়িল আখতারকে বদল করে মহম্মদ সামি খানকে প্রার্থী করা হয়েছে। সন্দেশখালি, নন্দকুমার, এবং মহিষাদল ধরে এই দফায় ৭ আসনে প্রার্থী ঘোয়ণা হয়েছে বামফ্রন্টের।

আরও পড়ুন