West Bengal Election 2026

দ্বিতীয় তালিকাতেও বহু নাম বাদ, বিক্ষোভ

বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে প্রায় এক ঘণ্টা হাওড়ার ডোমজুড়ে রাস্তা অবরোধ করে তৃণমূল।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৬ ০৮:৪৬

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

দ্বিতীয় দফার অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ হয়েছে শুক্রবার মধ্যরাতে। সেখানেও অন্যায্য ভাবে ‘বিবেচনাধীন’ অনেকের নাম বাদ পড়েছে বলে অভিযোগ। এর প্রতিবাদে শনিবার রাজ্যের নানা প্রান্তে বিক্ষোভও হয়েছে। সকালে কোচবিহারের পুন্ডিবাড়ি থানার পাতলাখাওয়ায় পথ অবরোধ করেন স্থানীয়েরা। তাঁদের অভিযোগ, গ্রাম পঞ্চায়েতের ২০ ও ২১ নম্বর বুথের ৪৯১ জনের নাম অতিরিক্ত (সাপ্লিমেন্টারি) তালিকায় বাদ গিয়েছে। পরে পুলিশ এসে অবরোধ তোলে। আলিপুরদুয়ার শহরের ৬ নম্বর ওয়ার্ডের ৩০ জনের নাম বাদ পড়েছে। শিলিগুড়ির নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আসরাফ আনসারির নামও বাদ গিয়েছে। তাঁর অভিযোগ, এলাকার ৬৬ জনের নাম বাদ পড়েছে। বাদ পড়েছে ওই ওয়ার্ডের বাসিন্দা, বিএলও মহম্মদ আনওয়ারের নামও। যদিও তাঁর দাবি, ২০০২ সালের ভোটার তালিকায় নাম ছিল।

দ্বিতীয় অতিরিক্ত তালিকায় নাম না ওঠায় ক্ষুব্ধ মালদহের রতুয়ায় চাঁদমণির ভোটারদের একাংশ। তবে হরিশ্চন্দ্রপুরের রশিদাবাদ পঞ্চায়েতের প্রাক্তন প্রধান লাভলি খাতুনের নাম এই তালিকায় রয়েছে। লাভলি বাংলাদেশি ও তাঁর ওবিসি শংসাপত্র ভুয়ো বলে অভিযোগ উঠেছিল। উত্তর দিনাজপুরের ইসলামপুরে পলিটেকনিক কলেজের প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এ দিন বিক্ষোভ দেখান ভোটের প্রশিক্ষণ নিতে আসা বিভিন্ন স্কুলের শিক্ষকেরা। তাঁদের বক্তব্য, নাম না উঠলে ভোটের কাজে যাবেন কী ভাবে।

নাম বাদ নিয়ে ক্ষোভ ছড়িয়েছে দক্ষিণবঙ্গেও। উত্তর ২৪ পরগনার হাসনাবাদ ব্লকের ২৫২ ও ২৫৩ নম্বর বুথে ‘বিবেচনাধীন’ ছিলেন ১৮০০ ভোটার। দ্বিতীয় অতিরিক্ত তালিকায় ৬৫৫ জনের নাম বাদ পড়ায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ চলে। পৌঁছয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। এই ব্লকেরই ৮৬ নম্বর বুথে ৫৯০ জন ‘বিবেচনাধীনের’ মধ্যে বাদ পড়েছেন ১৪৪ জন। তাঁরাও রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। বসিরহাট ২ ব্লকের বেগমপুর বিবিপুর পঞ্চায়েতের স্বরূপনগর গ্রামের ১১ নম্বর বুথে ১১৯৩ জন ‘বিবেচনাধীনের’ মধ্যে ৫০৮ জনের নাম বাদ যাওয়ায় বিক্ষোভ হয়।

গাইঘাটার চাঁদপাড়া পঞ্চায়েতের ১৭৩ নম্বর বুথে ‘বিবেচনাধীন’ ১৮৬ জনের মধ্যে ১৮৪ জনের তালিকা প্রকাশিত হয়েছে। সেখানে নাম বাদ গিয়েছে ১৮৩ জনেরই। বুথটিতে বহু মতুয়ার বাস। ফলে, বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন তাঁরা। শিল্পী বিশ্বাস নামে এক মতুয়া-ভক্তের ক্ষোভ, ‘‘কেন্দ্রের নেতারা বলেছিলেন, কোনও হিন্দু মতুয়ার নাম বাদ যাবে না। তা হলে গেল কেন?’’ গাইঘাটারই বেড়গুম ২ পঞ্চায়েতের ১৭৮ নম্বর বুথেরও অনেক মতুয়া উদ্বাস্তু মানুষের নাম বাদ গিয়েছে। এ দিন দুপুরে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে প্রায় এক ঘণ্টা হাওড়ার ডোমজুড়ে রাস্তা অবরোধ করে তৃণমূল।

আরও পড়ুন