Cash and Arms Recovery

পার্ক স্ট্রিট থেকে গার্ডেনরিচ, কলকাতার দিকে দিকে নাকা চেকিংয়ে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, কাশীপুরে মিলল আগ্নেয়াস্ত্র

শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার বিকেল পর্যন্ত কলকাতার অন্তত চার জায়গায় নাকা চেকিংয়ের সময় বান্ডিল বান্ডিল নোট উদ্ধার হয়েছে। কোথাও পাওয়া গিয়েছে পাঁচ লক্ষ, আবার কোথাও চার লক্ষ তো কোথাও আবার বান্ডিলে সাজিয়ে রাখা সাত লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ২২:০৫
Police recover lakhs of rupees during naka checking at various places in Kolkata ahead West Bengal Assembly Election

বাজেয়াপ্ত করা টাকা আনা হয় গার্ডেনরিচ থানায়। ছবি: সংগৃহীত।

আবার কলকাতার বিভিন্ন জায়গা থেকে নগদ এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার বিকেল পর্যন্ত কলকাতার অন্তত চার জায়গায় নাকা চেকিংয়ের সময় বান্ডিল বান্ডিল নোট উদ্ধার করেছেন পুলিশের ফ্লাইং স্কোয়াডের (এফএস) সদস্যেরা। কোথাও পাওয়া গিয়েছে পাঁচ লক্ষ, আবার কোথাও চার লক্ষ তো কোথাও আবার সাত লক্ষ টাকার বান্ডিল উদ্ধার করেছে পুলিশ। জানা গিয়েছে, মোট ১৮ লক্ষ ২৪ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। শুধু টাকা নয়, আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টা নাগাদ পার্ক স্ট্রিক ক্রসিংয়ে নাকা চেকিংয়ের সময় একটি গাড়ি থেকে নোটের তাড়া উদ্ধার করে পুলিশ। নাকা চেকিংয়ের সময় পার্ক স্ট্রিট থানার পুলিশের সঙ্গে ছিলেন স্ট্যাটিক সারভিলেন্স টিমের (এসএসটি) সদস্যেরা। গুনে দেখা যায় ওই গাড়ি ছিল মোট ৬ লক্ষ ৯৬ হাজার টাকা। সেগুলি বাজেয়াপ্ত করে পার্ক স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়। কোথা থেকে এল এত টাকা, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তার অনুসন্ধান শুরু করেছে পুলিশ।

শনিবার সকালে গার্ডেনরিচ ক্রসিংয়ের কাছে নাকা চেকিংয়ের সময়ও লক্ষাধিক টাকা গাড়ি থেকে উদ্ধার করে ফ্লাইং স্কোয়াডের (এফএস) সদস্যেরা। গাড়ি থামিয়ে তল্লাশি চালানোর সময় তার মধ্যে খয়েরি রঙের প্যাকেট দেখতে পান তাঁরা। সেই প্যাকেট খুলতেই বেরিয়ে আসে টাকার বান্ডিল। গুনে দেখা যায় সেখানে ২ লক্ষ ১৮ হাজার টাকা রয়েছে। ওই টাকার উৎস খুঁজতে শুরু করেছে পুলিশ। ওই এলাকা থেকেই শনিবার সকালে টাকা উদ্ধার হয়েছে নাকা চেকিংয়ের সময়। পুলিশ সূত্রে খবর, শনিবার সকাল ১০টা নাগাদ তারাতলা রোডে নেচার পার্কে সামনে গাড়ি থামিয়ে তল্লাশি চালানোর সময় টাকা উদ্ধার করা হয়েছে। ফ্লাইং স্কোয়াডের (এফএস) সদস্যেরা ওই গাড়ি থেকে ৪ লক্ষ ১০ হাজার টাকা পেয়েছেন।

এ ছাড়াও, জোকা ট্রাম ডিপোর কাছে নাকা চেকিংয়ের সময় একটি গাড়ি থেকে টাকাভর্তি ব্যাগ উদ্ধার করে এসএসটি। পুলিশ সূত্রে খবর, সাদা রঙের একটা গাড়ি আটকানো হয়। তাতে পাঁচ জন সওয়ারি ছিলেন। গাড়িতে তল্লাশি চালানোর সময় ব্যাগ পাওয়া যায়। তা খুলতেই বেরিয়ে পড়ে নোটের তাড়া। ৫০০ টাকার ১০টি বান্ডিল উদ্ধার করে পুলিশ। প্রত্যেক বান্ডিলে ৫০ হাজার টাকা করে ছিল। মোট পাঁচ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয় গাড়ি থেকে।

নগদের পাশাপাশি কলকাতা থেকে অস্ত্রও উদ্ধার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার মধ্যরাতে উত্তর কাশিপুর থানার পুলিশ হানা দেয় মানিকতলার একটা ঠিকানায়। তল্লাশি অভিযানের সময় বিছানার তলা থেকে দেশি পিস্তল উদ্ধার করে পুলিশ। ওই বাড়িতে থাকেন আসগার আলি মোল্লা নামে এক যুবক। তাঁকে জিজ্ঞাসাবাদ করে ওই পিস্তল সম্পর্কে কোনও সদুত্তর পায়নি পুলিশ। শেষে তাঁকে গ্রেফতার করা হয়।

Advertisement
আরও পড়ুন