—প্রতীকী চিত্র।
রাজ্য পুলিশ-প্রশাসনের অফিসারদের অপসারণ করে ভিন্ রাজ্যে পাঠিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভার কাজে কমিশন বাধা সৃষ্টি করছে বলে বুধবার হাই কোর্টে এ বিষয়ে জনস্বার্থ মামলার শুনানিতে অভিযোগ করলেন তৃণমূলের সাংসদ-আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এ দিন তিনি আরও বলেন, রাজ্যের নির্বাচিত সরকারের মেয়াদ আগামী ৬ মে পর্যন্ত। কিন্তু কমিশন ধরে নিয়েছে রাজ্যের সব দায়িত্ব তাদের হাতে। কল্যাণ আরও দাবি করেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করানোর দায়িত্ব কমিশনের হলেও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আইন উপেক্ষা করে অতিসক্রিয় ভূমিকায় কমিশন। রাজ্যের নির্বাচিত সরকারের বিরুদ্ধে প্রতিহিংসামূলক আচরণ করছে তারা।
যদিও কমিশনের আইনজীবী ডি এস নায়ডুর পাল্টা যুক্তি, নির্বাচনের ক্ষেত্রে যে কোনও রাজ্যের সরকারের প্রভাবের ঊর্ধ্বে থাকার ক্ষমতা সংবিধান দিয়েছে কমিশনকে। তাই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার ক্ষেত্রে পুলিশ-প্রশাসনের অফিসারদের কেন ভিন্ রাজ্যে পাঠানো হয়েছে তার ব্যাখ্যা বা কৈফিয়ত দিতে বাধ্য নয় কমিশন। মামলাটির গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন কমিশনের আইনজীবী। তাঁর দাবি, নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে সেই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের স্বতন্ত্র ক্ষমতা রয়েছে কমিশনের। এ দিন কোর্টের সময় ফুরিয়ে যাওয়ায় সওয়াল-জবাব পর্ব শেষ হয়নি। হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, কাল, শুক্রবার বেলা সাড়ে ১০টায় ফের এই মামলার শুনানি হবে।