West Bengal Elections 2026

তারা চেয়ে কথা শশীর

খড়্গপুর শহরের উপকণ্ঠে একটি হোটেলে বৃহস্পতিবার সাংগঠনিক বৈঠকে এসেছিলেন অভিষেক। তখনই তাঁর কাছে প্রচারে দক্ষিণী তারকা আনার আর্জি জানানো হয়।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ০৯:৩৫
অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।

নির্বাচনী প্রচারে বাড়ছে তারকাদের চাহিদা। খড়্গপুর শহরে তেলুগু ভোট বড় বালাই! সরাসরি তাই দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রচারে কোনও দক্ষিণী তারকাকে আনার আবদার জানান তৃণমূলের জেলা নেতৃত্ব। দল সূত্রের দাবি, বিষয়টি বিবেচনার কথা বলে আপাতত তেলুগু বক্তা হিসেবে রাজ্যের বিদায়ী মন্ত্রী শশী পাঁজার কথা জানিয়েছেন অভিষেক। জেলায় প্রচারে আসার কথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ অভিনেত্রী কোয়েল মল্লিকেরও।

খড়্গপুর শহরের উপকণ্ঠে একটি হোটেলে বৃহস্পতিবার সাংগঠনিক বৈঠকে এসেছিলেন অভিষেক। তখনই তাঁর কাছে প্রচারে দক্ষিণী তারকা আনার আর্জি জানানো হয়। খড়্গপুরে তেলুগু ভোটার প্রায় ৩৪ শতাংশ। দল সূত্রের খবর, এর পরেই শশীর নাম জানানো হয়েছে। জন্মসূত্রে দক্ষিণী শশী ২০২১ সালেও খড়্গপুর শহরে এসে তেলুগুতে বক্তৃতা রেখেছিলেন। তৃণমূলের জেলা সহ-সভাপতি জহরলাল পাল বলেন, “আমাদের শহরে তেলুগু ভোটের গুরুত্ব রয়েছে। তাই দক্ষিণী তারকা দিয়ে প্রচার হলে ভাল হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে সরাসরিই চাহিদার কথা জানিয়েছি। উনি আপাতত তেলুগু বক্তা হিসাবে শশী পাঁজাকে পাঠাবেন বলে জানিয়েছেন।”

যদিও শশী বলেন, ‘‘আমাকে খড়্গপুরের তেলুগুভাষীরা বরাবরই চান, যাই-ও। তবে এ বার আমি নিজের কেন্দ্রে প্রচারে ব্যস্ত। দলীয় নেতৃত্বের তরফেও এখনও এই সংক্রান্তনির্দেশ পাইনি।’’

পশ্চিম মেদিনীপুরের অন্য কয়েকটি বিধানসভায় ইতিমধ্যে তারকা প্রচারের দিনক্ষণ ঠিকহয়েছে। কাল, রবিবার সবং ও পিংলায় প্রচারে আসার কথা কোয়েলের। সবংয়ে ওই দিন মানস ভুঁইয়ার সমর্থনে তিনি রোড-শো করবেন বলে জানিয়েছেন তৃণমূলের সবং ব্লক সভাপতি আবুকালাম বক্স। দুপুরে কাঁটাখালি থেকে তেমাথানি পর্যন্ত হুড খোলা গাড়িতে চলবে রোড-শো। মানসও বলেন, “কোয়েল আসছেন। রোড-শো করবেন। আমরা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও সবংয়েপ্রচারে চেয়েছি।”

১৪ এপ্রিল পিংলা ও সবংয়ের জন্য সভা করার কথা মুখ্যমন্ত্রীর। সেই সভাস্থল ঠিক হলে, কোয়েলের রোড-শোয়ের রুট-ম্যাপ তৈরি হবে। আগামী ১৬ এপ্রিল সবংয়ে ইউসুফ পাঠানও আসতে পারেন বলে তৃণমূল সূত্রে খবর।

আরও পড়ুন