—প্রতিনিধিত্বমূলক ছবি।
সম্প্রতি অপমানের অভিযোগ তুলে দল ছেড়ে রাজনৈতিক সন্ন্যাস নেওয়ার কথা জানিয়েছেন নোয়াপাড়ার বিদায়ী তৃণমূল কংগ্রেস বিধায়ক মঞ্জু বসু। এ বার নোয়াপাড়া বিধানসভার নির্বাচনী কমিটির সদস্য তথা প্রাক্তন বিধায়ক, গারুলিয়ার প্রাক্তন পুরপ্রধান সুনীল সিংহও তৃণমূল ছাড়ার কথা জানালেন। প্রসঙ্গত, দিন কয়েক আগেই রামনবমীর মিছিলে নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিংহকে প্রণাম করে মিছিলে হাঁটতে দেখা গিয়েছিল সুনীলকে। এর পরে, সোমবার নিজের কার্যালয় থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে দল ছাড়ার কথা জানালেন। সুনীলের অভিযোগ, “দলের বিভিন্ন সংগঠন ও কর্মসূচিতে প্রয়োজন অনুযায়ী আমাকে ব্যবহার না-করে পাশ কাটিয়ে যাচ্ছিল দল। বিশ্বাস ছিল না। ২০২২-এ তৃণমূল যখন আমাকে দলে নিয়েছিল, তখন থেকে আজ পর্যন্ত দল আমাকে কাজে লাগায়নি। কেন থাকব?” যদিও এই দলত্যাগকে গুরুত্ব না-দিয়ে ব্যারাকপুর-দমদম সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি তথা ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক বলেছেন, “২০২১-এর ভোটের আগেও এমন অনেক হয়েছে। আমরা অভ্যস্ত। বার বার দল পাল্টালে মানুষ তাঁকে গ্রহণ করে না।”