West Bengal Elections 2026

দ্বিতীয় দফা ভোটে ট্রাইবুনালে তালিকা চূড়ান্ত হবে আজ

গত ২৩ এপ্রিল প্রথম দফার ভোটের দু’দিন আগে পর্যন্ত যে চূড়ান্ত অতিরিক্ত ভোটার তালিকা তৈরি হয়, তাতে মাত্র ১৩৯ জন ঠাঁই পেয়েছিলেন। যদিও ট্রাইবুনালে ৬৫৭টি আবেদনের নিষ্পত্তি করা হয়েছে বলে দাবি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ ০৬:২২

—প্রতীকী চিত্র।

হাতে সময় আর নেই। আজ, সোমবার দ্বিতীয় দফার ভোটের জন্য চূড়ান্ত অতিরিক্ত ভোটার তালিকা নির্দিষ্ট হবে। কারণ, ২৯ এপ্রিল দ্বিতীয় তথা শেষ দফার ভোটের আগে এ দিন রাত পর্যন্ত যত নাম বিচারবিভাগীয় ট্রাইবুনাল নিষ্পত্তি করবে, তার মধ্যে যোগ‍্যরা ঠাঁই পাবেন চূড়ান্ত অতিরিক্ত ভোটার তালিকায়। প্রসঙ্গত, ভোটের দু’দিন আগে পর্যন্ত এই কাজ চলতে পারে বলে নির্দেশ দিয়েছেসুপ্রিম কোর্ট।

গত ২৩ এপ্রিল প্রথম দফার ভোটের দু’দিন আগে পর্যন্ত যে চূড়ান্ত অতিরিক্ত ভোটার তালিকা তৈরি হয়, তাতে মাত্র ১৩৯ জন ঠাঁই পেয়েছিলেন। যদিও ট্রাইবুনালে ৬৫৭টি আবেদনের নিষ্পত্তি করা হয়েছে বলে দাবি। দেখা যাচ্ছে ১৩৯টি নতুন নামের অন্তর্ভুক্তির পাশাপাশি, বাদ পড়েছে ৮টি নাম এবং আরও ৪৮৬টি নামের অন্তর্ভুক্তির কথা বলা হয়েছে, যা আগেই বিভিন্ন অতিরিক্ত তালিকায় ঠাঁই পেয়েছিল। যে-ক্ষেত্রে প্রশ্ন, আগে তালিকায় ঢুকে পড়া নাম কেন ট্রাইবুনালে ফের অন্তর্ভুক্তির কথা বলা হল। সংশ্লিষ্ট সূত্রে যা ব্যাখ্যা মিলছে, তাতে বোঝা যাচ্ছে কেউ কেউ অতিরিক্ত তালিকায় বিবেচিত হলেও ফের ট্রাইবুনালে আর্জি জানিয়েছিলেন। সেটা কোনও আইনজীবীর পরামর্শে বা ভুল বোঝাবুঝিতেও হতে পারে।

বিচারবিভাগীয় ট্রাইবুনালে যে ৮টি নাম বাদ পড়েছে, তা আবার আগের বিচারবিভাগীয় প্রক্রিয়ায় যোগ্য বলে বিবেচিত হয়েছিল বলে জানা গিয়েছে। অর্থাৎ সেই নামগুলির অন্তর্ভুক্তির বিষয়ে কেউ অভিযোগ করেন। ফলে তাঁদের ফের ট্রাইবুনালে যেতে হয়। সামাজিক ন্যায় সংক্রান্ত সংস্থা সবর ইনস্টিটিউটের তরফে ট্রাইবুনালে বাদ-পড়া নামগুলি বিশ্লেষণ করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, ওই আট জনের সাত জনই মুসলিম। শুধু একজন জনজাতি সমাজভুক্ত। বাদ পড়াদের ছ’জনই আবার নারী, বাকি দু’জন পুরুষ। পাঁচ জন পশ্চিম বর্ধমান জেলার, দু’জন মুর্শিদাবাদ, এক জন পূর্ব মেদিনীপুরের ব‌লেও জানা তথ্যে প্রকাশ। দেখা গিয়েছে মুর্শিদাবাদের ফরাক্কা ও পশ্চিম বর্ধমানের দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে দু’টি করে নাম বাদ গিয়েছে। এ ছাড়া জামুরিয়া, আসানসোল উত্তর, বারাবনী এবং নন্দকুমারে একটি করে নাম বাদ পড়ে। ট্রাইবুনালে বাদ-পড়াদের ভবিষ্যৎ পরে নির্ধারণ হবে বলে জানায় সর্বোচ্চ আদালত। একবার ট্রাইবুনালে বাদ পড়লেই কেউ নাগরিকত্ব হারাবেন না বলেও আভাস মিলেছে।

তবে ভোটার তালিকায় নাম থাকা, না-থাকা নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন অনেকেই। মনে করা হচ্ছে, প্রথম দফার তুলনায় আর্জি নিষ্পত্তিতে দ্বিতীয় দফায় বেশি সময় পেয়েছে ট্রাইবুনাল। তাই আগের দফার তুলনায় নিষ্পত্তির সংখ‍্যা এ বার বেশি হতে পারে বলে আশা। অবশ্য এ বিষয়ে কমিশনের থেকে সরাসরি কোনও তথ্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য, বিচারবিভাগীয় বিষয় হওয়ার কারণে বিচারপতিরা যখন তথ‍্য পাঠাবেন, তখনই তা তালিকাভুক্ত এবং প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, তথ‍্যগ্রাহ্য অসঙ্গতির আওতায় প্রায় ৬০ লক্ষ মানুষ ভোটার তালিকায় থাকার যোগ্য কি না,তার বিচার করেছিলেন জেলা-ভিত্তিক বিচারকেরা। সেই প্রক্রিয়ায় বাদ পড়েছিল প্রায় ২৭ লক্ষ নাম। শীর্ষ আদালতের নির্দেশে সেই বাদ পড়া ভোটারেরা ট্রাইবুনালে আবেদন করতে পারতেন। তেমন বেশ কয়েক লক্ষ আবেদন সেখানে জমাপড়েছিল। আবার সেই প্রক্রিয়ায় যোগ্য হিসাবে চিহ্নিত কারও বিরুদ্ধে অভিযোগ ওই ট্রাইবুনালে জানানো যেতে পারে বলে জানিয়েছিল সুপ্রিম কোর্ট। সে সবেরই যাচাই করছে ট্রাইবুনাল। তবে আজ, সোমবারের মধ্যে কত আবেদনের নিষ্পত্তি আদৌ সম্ভব, তা নিয়ে সংশয় রয়েছেবিভিন্ন মহলে।

আরও পড়ুন