ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্সেস। ছবি: সংগৃহীত।
বিশেষ গবেষণা প্রকল্পে যোগদানের সুযোগ দেবে রাষ্ট্রায়ত্ত সংস্থা। সংস্থার তরফে ওই প্রকল্পে প্রজেক্ট কো-অর্ডিনেটর এবং সাইকোলজিস্ট পদে তাঁদের নিয়োগ করা হবে। শূন্যপদ তিনটি।
উল্লিখিত পদে নিযুক্তদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্সেস-এর একটি গবেষণা প্রকল্পে কাজ করতে হবে। প্রতি মাসে প্রজেক্ট কো-অর্ডিনেটর ৫০ হাজার টাকা এবং সাইকোলজিস্ট ৪৫ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে পাবেন। মোট তিন বছরের চুক্তিতে তাঁদের কাজ চলবে।
জনস্বাস্থ্য, মনোবিদ্যা, সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্ক-এর মতো বিষয়ে পিএইচডি রয়েছে, এমন ব্যক্তিরা প্রজেক্ট কো-অর্ডিনেটর হিসাবে চাকরির সুযোগ পাবেন। তাঁদের প্রশিক্ষণ দেওয়ার দক্ষতা থাকা প্রয়োজন। সমাজ মাধ্যমে প্রচারের কাজেও পূর্ব-অভিজ্ঞতা থাকতে হবে। বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।
সাইকোলজিস্ট পদে অভিজ্ঞ মনোবিদদের নিয়োগ করা হবে। তাঁদের ক্লিনিক্যাল সাইকোলজি বিষয়ে এমফিল থাকা প্রয়োজন। তবে, তাঁদের মানসিক স্বাস্থ্যরক্ষা কর্মসূচিতে কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়াও নবীনদের প্রশিক্ষণ দেওয়া ও কাউন্সেলিং-এর কাজেও দক্ষ হতে হবে প্রার্থীকে। তাঁদের বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।
সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। ৯ মার্চ ইন্টারভিউ হতে চলেছে। ওই দিন ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্সেস-এর বেঙ্গালুরুর ক্যাম্পাসে সমস্ত নথি নিয়ে আগ্রহীদের সকাল সাড়ে ৯টার মধ্যে পৌঁছে যেতে হবে।