আইআইটি খড়্গপুর। ছবি: সংগৃহীত।
কেন্দ্রীয় সংস্থার অর্থপুষ্ট একটি প্রকল্পের জন্য কর্মী নিয়োগ করবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুর। সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে এমন ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে, প্রকল্পের জন্য প্রতিষ্ঠানে প্রয়োজন গবেষকের। এ জন্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে গবেষণাধর্মী কাজ হবে। বিষয়— ‘ডেভেলপমেন্ট অফ গ্রিড ফ্রেন্ডলি কন্ডাক্টিভ অ্যান্ড স্ট্যাটিক অয়্যারলেস চার্জার্স ফর ইলেকট্রিক ভেহিকলস’। এর জন্য অর্থ জোগান দেবে কেন্দ্রীয় সংস্থা অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেনশন (এএনআরএফ)।
প্রকল্পের জন্য দু’জন জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হবে। নিযুক্তের কাজের মেয়াদ থাকবে দু’বছর। শিক্ষাগত যোগ্যতা এবং পেশাদারি অভিজ্ঞতার ভিত্তিতে তাঁর পারিশ্রমিক হবে মাসে সর্বাধিক ৩৭,০০০ টাকা।
আবেদনকারীদের বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য থাকবে ছাড়। পাশাপাশি, তাঁদের ইলেকট্রিক্যাল বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে বিই বা বিটেক ডিগ্রি থাকতে হবে। উত্তীর্ণ হতে হবে গেট বা অন্য কোনও যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায়। যোগ্যতার বাকি শর্তাবলি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের সমস্ত নথি-সহ আবেদন করতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। বিস্তারিত জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।