Sanjay Leela Bhansali

আলিয়ার শুটিংয়ে বড় অঘটন! মর্মান্তিক মৃত্যু কর্মীর, কত টাকা ক্ষতিপূরণের প্রস্তাব প্রযোজনা সংস্থার?

গত ১৭ জুন ৪২ বছর বয়সি ওই মিস্ত্রীর মৃত্যু হয়। ঘটনা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ফের শুটিং সেটে কলাকুশলীদের নিরাপত্তা প্রশ্নের মুখে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ জুন ২০২৬ ১৩:১৭
আলিয়ার ছবির সেটে অঘটন।

আলিয়ার ছবির সেটে অঘটন। ছবি: সংগৃহীত।

সঞ্জয় লীলা ভন্সালীর ছবি ‘লভ অ্যান্ড ওয়র’ নিয়ে আলোচনা প্রায়ই শিরোনামে উঠে আসে। এ বার এই বড় মাপের ছবির সেটে অঘটন। শুটিং সেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক কাঠের মিস্ত্রীর। গত ১৭ জুন ৪২ বছর বয়সি ওই মিস্ত্রীর মৃত্যু হয়। ঘটনা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ফের শুটিং সেটে কলাকুশলীদের নিরাপত্তা প্রশ্নের মুখে।

Advertisement

মুম্বই ফিল্ম সিটি-র রয়্যাল পাম্প স্টুডিয়োয় এই ঘটনাটি ঘটে। সেই সময়ে শুটিং করছিলেন আলিয়া ভট্ট। তখনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় চন্দ্রধারী সিংহ যাদব নামে ওই ব্যক্তির। শুটিং সেটে শর্ট সার্কিট হওয়ার কারণেই নাকি এই অঘটন ঘটে। চন্দ্রধারীর পরিবারে রয়েছেন তাঁর স্ত্রী ও দুই কন্যা। জানা যাচ্ছে, ভন্সালীর প্রযোজনা সংস্থা নাকি চন্দ্রধারীর পরিবারকে ৪০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব দিয়েছে। এখানেই বাধ সেধেছে ফেডরেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ় (এফডব্লিউআইসিই)।

এফডব্লিউআইসিই-র পক্ষ থেকে ভন্সালীকে এই ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধি করতে বলা হয়েছে। প্রযোজনা সংস্থার পক্ষ থেকে ৪০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হলেও এফডব্লিউআইসিই-র আর্জি, প্রয়াত কর্মীর পরিবারকে ৫০ লক্ষ টাকা দিতে হবে। খবর, চন্দ্রধারীর দুই কন্যার ভবিষ্যতের জন্যই ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির আবেদন করছে তারা।

এফডব্লিউআইসিই-র সভাপতি বিএন তিওয়ারির বক্তব্য, ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি অবিলম্বে শুটিং সেটে নিরাপত্তা জোরদার করতে হবে। তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, “প্রথমত, প্রয়াত কর্মীর সন্তানেরা খুবই ছোট। তাদের ভবিষ্যতের জন্য ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। দ্বিতীয়ত, শুটিং সেটে যাতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকে, সেই দিকে খেয়াল রাখতে হবে। কর্মীদের কাজের নির্দিষ্ট সময়সীমাও নির্ধারণ করে দিতে হবে। তার বাইরে কাজ করানো যাবে না। চন্দ্রধারী খুবই গুণী কর্মী ছিলেন। ওঁকে এই ভাবে প্রাণ হারাতে হল, যা খুবই দুঃখজনক।”

অন্য দিকে ভন্সালীর প্রযোজনা সংস্থা ৪০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি চন্দ্রধারীর স্ত্রীকে কর্মসংস্থানের প্রস্তাবও দিয়েছে।

শোনা যাচ্ছে, এই দুর্ঘটনার আগে নাকি নির্দিষ্ট সময়ের বেশি কাজ করেছিলেন চন্দ্রধারী। দীর্ঘ ক্ষণ টানা কাজ করছিলেন তিনি। সকাল ৭টা থেকে রাত ৩টে পর্যন্ত কাজ করছিলেন এবং তিনি নাকি প্রায়ই এমন করতেন। এই বিষয়টিতে বদল আনার আর্জি জানিয়েছে এফডব্লিউআইসিই।

উল্লেখ্য, সঞ্জয়ের এই ছবিতে অভিনয় করছেন ভিকি কৌশল, রণবীর কপূর ও আলিয়া। ২০২৭ সালের ২১ জানুয়ারি এই ছবি মুক্তি পাওয়ার কথা। ছবিটি হিন্দি, তামিল ও তেলুগুতে মুক্তি পাবে।

Advertisement
আরও পড়ুন