Aamir Khan marriage

নেই কোনও আতিশয্য, হবে না প্রীতিভোজও! কার বাড়িতে বসছে আমির-গৌরীর বিয়ের আসর?

প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গেই আগামী ৫ জুলাই আইনি মতে বিয়ে সারছেন তিনি। বিয়েতে কে বা কারা উপস্থিত থাকবেন, তা নিয়ে গত কয়েক দিন ধরেই জল্পনা চলছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ জুলাই ২০২৬ ২১:৩৫
আমির-গৌরীর বিয়েতে আসবেন আগের পক্ষের সন্তানেরাও!

আমির-গৌরীর বিয়েতে আসবেন আগের পক্ষের সন্তানেরাও! ছবি: সংগৃহীত।

চলতি মাসেই তৃতীয় বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আমির খান। প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গেই আগামী ৫ জুলাই আইনি মতে বিয়ে সারছেন তিনি। বিয়েতে কে বা কারা উপস্থিত থাকবেন, তা নিয়ে গত কয়েক দিন ধরেই জল্পনা চলছে।

Advertisement

প্রথম থেকেই খবর ছড়ায়, ঘনিষ্ঠ পরিজনের মাঝে বিয়ে করবেন আমির। এ বার প্রকাশ্যে এল কোথায় বিয়ে করছেন তিনি। শোনা যাচ্ছে, বাড়িতেই বসবে বিয়ের আসর। একেবারে ঘরোয়া মহলে বিয়ের আয়োজন করেছেন আমির। সম্প্রতি নিজের প্রযোজনা সংস্থার ২৫ বছর পূর্তি উপলক্ষে তারকাখচিত অনুষ্ঠানের আয়োজন করেছিলেন বলি তারকা। বিয়েতে নাকি তার সম্পূর্ণ উল্টো ছবি দেখা যাবে। একেবারে সাদামাঠা পরিবেশে পরিণয় সারবেন তাঁরা।

আমিরেরই এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মুম্বইয়ের বান্দ্রায় আমিরের বাড়িতেই বিয়ের রেজিস্ট্রি হবে। দিনের প্রথম ভাগে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে একটি ছোট বিয়ের অনুষ্ঠানও আয়োজন করা হয়েছে। সব মিলিয়ে অনুষ্ঠানটি হবে একেবারেই ব্যক্তিগত পরিসরে। বড় করে প্রীতিভোজের আয়োজন করা হবে না বলেই শোনা যাচ্ছে। তাই বলি তারকাদের উপস্থিতি থাকবে না, এমনই শোনা যাচ্ছে।

ঘনিষ্ঠ পরিজনের মধ্যে উপস্থিত থাকবেন আমিরের প্রথম পক্ষের দুই সন্তান আইরা ও জুনেইদ এবং দ্বিতীয় পক্ষের সন্তান আজ়াদ। গৌরীও এক পুত্র সন্তানের মা। আগের পক্ষের সেই সন্তানও উপস্থিত থাকবেন এই বিয়েতে। বিশেষ দিনে সন্তানদের পাশে পাবেন তাঁরা।

উল্লেখ্য, আমির ও গৌরীর প্রথম পরিচয় হয়েছিল বেঙ্গালুরুতে। অভিনেতার খুড়তুতো বোনের সূত্রেই তাঁদের আলাপ। প্রায় এক বছর সম্পর্কে থাকার পর, গত বছর মার্চ মাসে নিজের ৬০তম জন্মদিনে প্রথম বার গৌরীকে নিজের সঙ্গী হিসাবে পরিচয় করিয়ে দেন আমির। এর পর থেকেই তাঁরা মুম্বইয়ের বান্দ্রার বাড়িতে একসঙ্গে থাকছেন। সেখানেই বসবে বিয়ের ঘরোয়া অনুষ্ঠান।

সম্প্রতি এক অনুষ্ঠানে ৫ জুলাই বিয়ের কথা নিজেই নিশ্চিত করেন আমির। যদিও এর আগে বিয়ে প্রসঙ্গে রসিকতা করে তিনি বলেছিলেন, “এই বয়সে বিয়ে করা আমাকে মানায় না।” তবে একই সঙ্গে স্বীকার করেছিলেন, গৌরীর সঙ্গে তিনি এখন জীবনের এক স্থিতিশীল জায়গায় পৌঁছেছেন এবং শান্তিতে রয়েছেন।

Advertisement
আরও পড়ুন