Aamir Khan Net Woth

একেবারে সাদামাঠা জীবনযাপন, বাছাই করা ছবিতে কাজ করেন! আমিরের বিপুল সম্পত্তির পরিমাণ কত?

বলিউডের পার্টি বা পুরস্কার বিতরণী অনুষ্ঠানও এড়িয়ে চলেন তিনি। বাছাই করা ছবিতে কাজ করেন। কিন্তু সম্পত্তির দিক থেকে মোটেই পিছিয়ে নেই আমির খান।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ১২:০৬
Aamir khan on 61st birthday here is his net worth competing two other khans of Bollywood

আমির খানের মোট সম্পত্তির পরিমাণ কত? ছবি: সংগৃহীত।

১৪ মার্চ ৬১ পূর্ণ করলেন আমির খান। বলিউডের তিন খানের মধ্যে তিনিই সবচেয়ে বড়। গত বছর জন্মদিনে প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দেন আমির। তবে জীবনে নতুন প্রেমিকা এসেছেন মানেই যে প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে যোগাযোগ বন্ধ, তেমন নয়। প্রাক্তনদের সঙ্গে সুসম্পর্ক রয়েছে তাঁর। গৌরী, কিরণ রাও ও রিনা দত্ত— সকলে মিলেই বিভিন্ন অনুষ্ঠান উদ্‌যাপন করেন। সে অর্থে বলা যায়, নজির তৈরি করেছেন আমির।

Advertisement

আমির দাবি করেন, তিনি তারকাসুলভ আচরণে বিশ্বাসী নন। বলিউডের পার্টি বা পুরস্কার বিতরণী অনুষ্ঠানও এড়িয়ে চলেন। বেছে ছবি করেন। তবে সম্পত্তির দিক থেকে মোটেই পিছিয়ে নেই তিনি। মোট তিন সন্তান তাঁর। রিনার সঙ্গে আমিরের দুই ছেলেমেয়ে— জুনেইদ ও আইরা। কিরণের সঙ্গে এক পুত্রসন্তান রয়েছে তাঁর। এ ছাড়া গৌরীর প্রাক্তন দাম্পত্যের এক পুত্রসন্তান রয়েছে। সে-ও বর্তমানে আমির ও গৌরীর সঙ্গেই থাকে।

আমির ২০০০ কোটি টাকার সম্পত্তির মালিক। এ ব্যাপারে রীতিমতো পাল্লা দেন সলমন খান ও শাহরুখ খানের সঙ্গে। আমিরের সম্পত্তির মধ্যে অন্যতম হল বান্দ্রায় তাঁর সমুদ্রমুখী বাড়ি। দোতলা বাড়িটি পাঁচ হাজার বর্গফুটের। বাড়ির একটি তলে আমির অফিস তৈরি করেছেন। এই বাড়িটির মূল্য ৬০ কোটি। এই বাড়ির জন্যই মুম্বইয়ের অন্যতম ধনী তারকা আমির। এ ছাড়াও মহারাষ্ট্রের পঞ্চগনি অঞ্চলে একটি বাড়ি রয়েছে। শহরের ব্যস্ত জীবন থেকে ছুটি পেলেই সেখানে সময় কাটান তিনি। সেখানে দু’একর জমিতে একটি বাগানবাড়ি রয়েছে আমিরের। এই বাড়ি সাত কোটি টাকা দিয়ে কিনেছিলেন তিনি। এখানেই শেষ নয়, ক্যালিফোর্নিয়ার বেভারলি হিল্‌স অঞ্চলে আমিরের একটি বিলাসবহুল বাড়ি রয়েছে। তার দাম ৭৫ কোটি টাকা। ওই অঞ্চলে শাহরুখেরও বাড়ি রয়েছে। তবে সিনেমায় অভিনয় করে তিনি পারিশ্রমিক নেন না, লভ্যাংশ নেন। পারিশ্রমিকের নিরিখে নাকি সেটা প্রায় ৮০ কোটি। এ ছাড়াও একাধিক সংস্থার মুখ তিনি। সেখানে নাকি তাঁর পারিশ্রমিকের পরিমাণ প্রায় ১২ কোটি। বাড়িই শুধু নয়, আমিরের রয়েছে একাধিক বিলাসবহুল গাড়ি। এর মধ্যে রয়েছে মার্সিডিজ় বেঞ্জ এস ৬০০, রোলস রয়েসের মতো গাড়ি। তবে আমিরের বড় ছেলে জুনেইদ নাকি অটোয় করেই যাতায়াত করেন। মাটির কাছাকাছি থাকতেই নাকি এমন করেন তিনি।

Advertisement
আরও পড়ুন