ধারাবাহিকে কাজ করতে কেন আগ্রহী আদৃত? ছবি: সংগৃহীত।
‘মিঠাই’, ‘মিত্তির বাড়ি’র পরে এ বার ‘কুমকুম’। একের পর এক ধারাবাহিকে অভিনয় করছেন অভিনেতা আদৃত রায়। এই মুহূর্তে তাঁকে ‘কুমকুম’ ধারাবাহিকে মুখ্যচরিত্রে দেখছে দর্শক। বড়পর্দার মাধ্যমে অভিনয়জীবন শুরু করলেও ছোটপর্দার সফল নায়ক আদৃত। ধারাবাহিকে অভিনয় করার ইচ্ছা হল কী ভাবে?
পরিচালক রাজ চক্রবর্তীর ছবির মাধ্যমে বড়পর্দায় কাজ শুরু করেন আদৃত। কিন্তু কোন মাধ্যমে অভিনয় করছেন, সেটা কখনও তাঁর কাছে গুরুত্বপূর্ণ ছিল না। অভিনেতা বলেন, “বড়পর্দায় কাজ করছি না ছোটপর্দা— এটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। ভাল কাজ করাই হল আসল। ধারাবাহিকের সবচেয়ে বড় শক্তি হল বিপুল দর্শকপ্রাপ্তি এবং নিয়মিত কাজের সুযোগ।”
ইদানীং অনেক শিল্পীই ছোটপর্দা নিয়ে ক্ষোভপ্রকাশ করেন। বিশেষত ছোটপর্দার গল্প নিয়ে অনেকের অভিযোগ শোনা যায়। অনেকে তো আর ধারাবাহিকে কাজ করবেন না বলে সিদ্ধান্তও নিয়ে নিয়েছেন। কিন্তু এ ক্ষেত্রে আদৃতের মত ভিন্ন। তিনি বলেন, “এক জন অভিনেতা হিসেবে প্রতিদিন নিজেকে প্রমাণ করার, নতুন কিছু শেখার এবং নিজের অভিনয়কে আরও শাণিত করার সুযোগ এখানে থাকে। সবচেয়ে ভাল লাগে যে, শেষপর্যন্ত পারফরম্যান্সটাই সবচেয়ে বেশি গুরুত্ব পায়। এই মাধ্যমে কাজ করার এটাই আমার মূল কারণ। রোজ নতুন কিছু শেখা যায়। রোজ নিজেকে প্রমাণ করতে পারি। এক জন অভিনেতার কাছে এর চেয়ে বড় কারণ আর কী হতে পারে?”
ছোটপর্দায় কাজ করে কী প্রাপ্তি হয়েছে আদৃতের? ছবি: সংগৃহীত।
প্রসঙ্গত, আদৃতের অভিনীত দু’টি ধারাবাহিকই নজর কেড়েছিল দর্শকের। এই কাহিনি শুরু হওয়ার আগেও ছিল অনেক জল্পনা। শোনা গিয়েছিল, অভিনেত্রী সুস্মিতা দে’র সঙ্গে জুটি বাঁধছেন নায়ক। তবে তেমনটা হচ্ছে না। আবার নতুন নায়িকার সঙ্গে জুটিতে দেখা যাচ্ছে আদৃতকে। এই নতুন জুটি নিয়ে দর্শকেরও আগ্রহ তুঙ্গে।