কোথায় দাঁড়িয়ে রাহুলের মৃত্যুতদন্ত? ছবি: সংগৃহীত।
ঠিক এক মাসের আগের ঘটনা। ২৯ মার্চ, রবিবার। সন্ধ্যায় হঠাৎই ছড়িয়ে পড়ে দুঃখজনক এক খবর। দিঘার তালসারিতে শুটিং করতে গিয়ে মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের! প্রথমে কেউই যেন বিশ্বাস করে উঠতে পারেননি এ খবর। প্রথম দমক সামলে ওঠার পরেই তোলপাড় বাংলা ইন্ডাস্ট্রি। তরতাজা অভিনেতার মৃত্যুর খবরে ঝড় ওঠে বাংলা বিনোদনদুনিয়ায়। ২৯ এপ্রিল, বুধবার— রাহুলের মৃত্যুর এক মাস পার। কোথায় দাঁড়িয়ে অভিনেতার মৃত্যুর তদন্ত?
রাহুলের মৃত্যুর কারণ জানতে চেয়ে আর্টিস্ট ফোরামের তরফে চিঠি পাঠানো হয়েছিল লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’কে। কিন্তু, সদুত্তর না মেলায় থানার দ্বারস্থ হন ফোরামের সদস্যেরা। ঘটনার ৬ দিনের মাথায়, ৪ এপ্রিল রিজেন্ট পার্ক থানায় পৌঁছোন রাহুলের অভিনেত্রী-স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। সঙ্গে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, চিরঞ্জিৎ চক্রবর্তী-সহ ইন্ডাস্ট্রির অনেকেই। ‘ম্যাজিক মোমেন্টস’-এর জনপ্রিয় ধারাবাহিক ‘ভোলেবাবা পার করেগা’র শুটিং করতে গিয়েই মৃত্যু হয় রাহুলের। আর্টিস্ট ফোরামের তরফে রিজেন্ট পার্ক থানায় ওই সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। অভিনেতার আকস্মিক মৃত্যুর ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার ৬১(২), ১০৬(১) এবং ২৪০ ধারায় মামলা রুজু করা হয়। ঘটনার এক মাস পার। তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে আনন্দবাজার ডট কম-এর তরফে রিজেন্ট পার্ক থানার সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু, এই প্রসঙ্গে কিছু জানা যায়নি। ওই ঘটনার পর ব্যক্তিগত ভাবে প্রিয়াঙ্কা অভিযোগ দায়ের করেছিলেন তালসারি থানায়। ভারতীয় ন্যায় সংহিতার ১০৬(১), ২৪০, ও ৩(৫) ধারায় মামলা রুজু করা হয়েছিল বলে জানা যায়।
এই প্রেক্ষিতে যোগাযোগ করা হয়েছিল প্রিয়াঙ্কার সঙ্গে, কিন্তু উত্তর মেলেনি। তদন্ত নিয়ে প্রশ্ন করা হলে প্রসঙ্গ এড়িয়ে যান ‘ইম্পা’র সভাপতি পিয়া সেনগুপ্ত। যোগাযোগ করা হয় আর্টিস্ট ফোরামের সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায়ের সঙ্গে। তিনি বলেন, “তদন্ত নিয়ে পুলিশ বলতে পারবে। বিচারাধীন বিষয় নিয়ে আমরা কোনও মন্তব্য করতে পারব না। যাঁরা সরাসরি এই তদন্তের সঙ্গে যুক্ত, তাঁরাও হয়তো কিছু বলতে পারবেন না।” বিষয়টি ফোরামের নির্দিষ্ট আইনজীবী দেখছেন বলে জানান তিনি।