Updates Of Sourav Ganguly's Biopic

‘বৌ’-এর পর হদিস মিলল সৌরভের দাদা ‘স্নেহাশিস’-এর, মুম্বইয়ে রাজকুমারের সঙ্গে শুটিংয়ে রাহুল!

একের পর এক প্রকাশ্যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনীছবির বাঙালি চরিত্রাভিনেতাদের নাম। পরিচালক বিক্রমাদিত্য মোটওয়ানে বেছেছেন রাহুল দেব বোসকে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ মে ২০২৬ ১৪:৩৫
এটাই কি রাহুল দেব বসুর ‘স্নেহাশিস গঙ্গোপাধ্যায়’ লুক?

এটাই কি রাহুল দেব বসুর ‘স্নেহাশিস গঙ্গোপাধ্যায়’ লুক? ছবি: ইনস্টাগ্রাম।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনীছবি ‘দাদা’র আরও এক চরিত্রাভিনেতার নাম প্রকাশ্যে। অনেক খোঁজাখুঁজির পর ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়কের পর্দার বৌ-এর খোঁজ মিলেছে। ছবিতে ডোনা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় তান্যা মানিকতলা। পরিচালনায় বিক্রমাদিত্য মোটওয়ানে। টিমের তরফ থেকে খবর, সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করছেন বাংলার রাহুল দেব বসু।

Advertisement

সূত্রের খবর, পরিচালক বিক্রমাদিত্য এবং তাঁর দল রাহুলকে পছন্দ করেন। লুক সেট হয় তাঁর। অভিনেতা চূড়ান্ত হতেই খবর আসে রাহুলের কাছে। সবিস্তার জানতে আনন্দবাজার ডট কম যোগাযোগের চেষ্টা করেছিল অভিনেতার সঙ্গে। বেজে গিয়েছে তাঁর ফোন। রাহুল অধরা। প্রসঙ্গত, ছবির প্রযোজক লাভ রঞ্জন। রাহুলকে এর আগে নীরজ পাণ্ডের ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ সিরিজ়ে দেখা গিয়েছে।

রাহুল মুখ না খুললেও জানা গিয়েছে, চলতি মাসের শুরু থেকেই নাকি তিনি মুম্বইয়ে। যোগ দিয়েছেন শুটিংয়ে। এ-ও শোনা গিয়েছে, বড়পর্দার ‘সৌরভ’ রাজকুমার রাওয়ের সঙ্গেই নাকি তাঁর সমস্ত দৃশ্য। ডোনার সঙ্গেও তাঁর কিছু দৃশ্য থাকতে পারে। তবে পর্দায় সেটা কত ক্ষণের, সে সম্পর্কে কেউই কিছু জানাতে পারেননি। অন্য দিকে সৌরভের পর্দার মা হবেন অপরাজিতা আঢ্য, এমনটাই শোনা গিয়েছিল। অভিনেত্রী এখন মুম্বইয়ে কি না, সে খবর এখনও জানা যায়নি।

মার্চের গোড়া থেকে শুটিং শুরুর কথা ছিল। সেই অনুযায়ী পরিচালক কলকাতাকে প্রথম শুটিংস্থল হিসাব বেছে নিয়েছিলেন। কিন্তু বিধানসভা নির্বাচন এবং আইপিএল ক্রিকেট তাতে বাদ সাধে। তাই এপ্রিল থেকে মুম্বইয়ে শুটিং শুরু। সেখানেই সেটে বানিয়ে নেওয়া হয়েছে ইডেন গার্ডেন্স স্টেডিয়ামের ‘রেপ্লিকা’। পর্দার ‘সৌরভ’ রাজকুমার ছবির খাতিরে ওজন বাড়িয়েছেন।

Advertisement
আরও পড়ুন