নতুন সিরিজ়ে শার্লি। ছবি: সংগৃহীত।
একদিকে অপহরণ, অন্যদিকে রাজনৈতিক দাপট। তার মাঝেই প্রেম, ভুল বোঝাবুঝি, একের পর এক অঘটন আর দমফাটা হাসি। সব মিলিয়ে থ্রিলার আর কমেডির মিশেলে তৈরি হয়েছে নতুন ওয়েব সিরিজ় ‘ভার্জিনপুর’।
গল্পের পটভূমি ভার্জিনপুর—এক এমন শহর, যেখানে অপরাধ আর বিশৃঙ্খলাই যেন নিত্যদিনের ঘটনা। সেখানেই গ্রামের এক সহজসরল ছেলে জিতু কলেজে পড়ার স্বপ্ন নিয়ে শহরে আসে। সাধারণ জীবনযাপনের আশা নিয়ে শুরু হওয়া সেই পথচলা অল্প সময়ের মধ্যেই মোড় নেয় একের পর এক বিপজ্জনক ঘটনায়। ম্যাডাম নিবাসে থাকতে এসে পরিচয় হয় রাইয়ের সঙ্গে। প্রেমের শুরু হলেও ভাগ্য তাদের টেনে নিয়ে যায় এমন এক অপহরণ-কাণ্ডে, যার পরিণতি কেউই কল্পনা করেনি।
গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ঋতব্রত এবং সত্যমকে। নিজস্ব চিত্র।
জিতু এবং রাইয়ের চরিত্রে অভিনয় করছেন ঋতব্রত মুখোপাধ্যায় ও শার্লি মোদক। ছোটপর্দার গণ্ডি পেরিয়ে প্রথম বার ওয়েব সিরিজ়ে দেখা যাবে শার্লিকে। সিরিজ় পরিচালনার দায়িত্বে শুভদীপ মুখোপাধ্যায়। এই প্রসঙ্গে সিরিজ়ের ক্রিয়েটর তথা অভিনেতা জয়দীপ বন্দ্যোপাধ্যায় বলেন, “শুভদীপ আমার দীর্ঘদিনের বন্ধু। ওর পরিচালনায় প্রথমবার কাজ করলাম। তাই এই প্রজেক্টটি আমার কাছে নিছক আর একটি কাজ নয়, অনেকটাই আবেগের। শুটিং চলাকালীন আমরা ভীষণ আনন্দ করেছি। পুরো সফরটাই স্মরণীয় হয়ে থাকবে।”
প্রথম পরিচালনার অভিজ্ঞতা নিয়ে শুভদীপের বলেন, “পরিচালকের চেয়ারে বসে প্রথম দিন স্বাভাবিকভাবেই কিছুটা নার্ভাস ছিলাম। তবে খুব দ্রুতই অভিনেতারা এবং ইউনিটের সদস্যেরা সেই অস্বস্তি কাটিয়ে উঠতে সাহায্য করেন। প্রত্যেকে নিজের চরিত্রে এমনভাবে ঢুকে গিয়েছিলেন যে, আমার কাজ ছিল শুধু সেই মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করা।"
অভিনেতা ঋতব্রতও খুব উত্তেজিত নতুন কাজ নিয়ে। তাঁর মতে, “চিত্রনাট্যটি এত সুন্দরভাবে লেখা যে চরিত্রটির আচরণ, ভাবনা এবং ব্যক্তিত্ব স্পষ্ট হয়ে যায়। শুভদীপ মুখোপাধ্যায় এবং জয়দীপ বন্দ্যোপাধ্যায় প্রতিটি ধাপে আমাদের পাশে ছিলেন। একই সঙ্গে চরিত্রটিকে নিজের মতো করে গড়ে তোলার স্বাধীনতাও দিয়েছেন।”
একফ্রেমে শুভদীপ এবং জয়দীপ। নিজস্ব চিত্র।
একই মত শার্লিরও। উচ্ছ্বসিত অভিনেত্রী। তিনি বলেন, “রাইকে একটি নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি নিয়ে পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। চিত্রনাট্যেই চরিত্রটির যাত্রাপথ এত সুন্দরভাবে লেখা ছিল যে কাজটা অনেক সহজ হয়েছে। ক্লিক এবং এই প্রযোজনা সংস্থার সঙ্গে এটাই ছিল আমার প্রথম কাজ। পুরো ইউনিটের পেশাদারিত্ব এবং সহযোগিতার পরিবেশ সত্যিই প্রশংসনীয়।”
এ ছাড়াও নতুন সিরিজ়ে অভিনয় করেছে সত্যম ভট্টাচার্য, নিশিকান্ত দাস, বিশ্বজিৎ দাস,শুভজিৎ কর, দেবপ্রসাদ হালদার-সহ আরও অনেকে। অপরাধের গল্পে হাসির মোড়ক, তার সঙ্গে রহস্য, রাজনৈতিক টানাপড়েন এবং একঝাঁক ব্যতিক্রমী চরিত্র— সব মিলিয়ে 'ভার্জিনপুর' যে প্রচলিত থ্রিলারের বাইরে গিয়ে দর্শককে অন্য স্বাদের বিনোদন উপহার দিতে চাইছে, সেই ইঙ্গিত মিলছে প্রচার ঝলকেই। জুলাইয়ে ‘ক্লিক’-এ মুক্তি পাবে এই সিরিজ়।