Subhashree At Dubai

আতঙ্কে কাঁপছে পশ্চিম এশিয়া, ইউভানকে নিয়ে দুবাইয়ে আটকে শুভশ্রী! কেমন আছেন? জানালেন রাজ

আতঙ্কে কাঁপছে পশ্চিম এশিয়া, ইউভানকে নিয়ে দুবাইয়ে আটকে শুভশ্রী! কেমন আছেন স্ত্রী-পুত্র? জানালেন রাজ

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ১২:১৫
কেমন আছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়?

কেমন আছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা আমেরিকা- ইজ়রায়েলের। এবং পশ্চিম এশিয়ায় মার্কিন সেনাঘাঁটিতে ইরানের প্রত্যাঘাত। আফগানিস্তানের সঙ্গে যুদ্ধঘোষণা পাকিস্তানের। পশ্চিম এশিয়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় বন্ধ বিমান চলাচল। এমন পরিস্থিতিতে দুবাইয়ে বেড়াতে গিয়ে ইউভানকে নিয়ে আটকে পড়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আনন্দবাজার ডট কম-কে রাজ চক্রবর্তী যদিও আশ্বস্ত করেছেন, আপাতত শুভশ্রী আর ইউভান হোটেলে রয়েছেন। নিরাপদেই আছেন তাঁর স্ত্রী-পুত্র।

Advertisement

বিধায়ক-পরিচালক রাজ আরও জানিয়েছেন, ইউভানের স্কুলে ছুটি। ছেলেকে নিয়ে তাই দুবাইয়ে বেড়াতে গিয়েছেন শুভশ্রী। বিমানবন্দরে পা রাখার কিছু ক্ষণের মধ্যেই বন্ধ হয়ে যায় বিমান চলাচল। ছেলেকে নিয়ে শুভশ্রী নিরাপদেই পৌঁছে যান নির্দিষ্ট হোটেলে। সেখানেই রয়েছেন তাঁরা। দুবাইয়ে রাজ এবং তাঁর অভিনেত্রী স্ত্রীর কিছু বন্ধুবান্ধব রয়েছেন। রাজের কথায়, “ওঁরাই শুভশ্রী আর ইউভানের দেখভাল করছেন। খবরাখবর নিচ্ছেন। আমিও নিয়মিত যোগাযোগ রেখেছি ওদের সঙ্গে। এখনই ভয়ের কিছু নেই।”

রাজ আপাতত তাঁদের কন্যা ইয়ালিনিকে নিয়ে কলকাতায় রয়েছেন। আনন্দবাজার ডট কম-কে আশ্বস্ত করলেও তাঁর কণ্ঠস্বরে হালকা উদ্বেগ। স্ত্রী-পুত্র যাতে নিরাপদে শহরে ফিরতে পারেন, তার জন্য কি কোনও সরকারি সহযোগিতা চেয়েছেন? জবাবে বিধায়ক-পরিচালক বলেছেন, “এখনই কোনও সরকারি সহযোগিতার কথা ভাবছি না। আরও এক-দু’দিন অপেক্ষা করব। আশা, তার মধ্যেই পরিস্থিতি শান্ত হয়ে যাবে। স্বাভাবিক ভাবেই নিজের দেশে, নিজের শহরে ফিরে আসতে পারবে শুভশ্রী আর আমাদের ছেলে ইউভান।”

Advertisement
আরও পড়ুন