Tabbu

২৭ হাজার বর্গফুট জায়গায় তৈরি আবাসন! বিলাসবহুল বাসস্থান কিনলেন তব্বু, কত খরচ হল?

এই বহুতলটি একেবারে নতুন নির্মিত হয়েছে। বিলাসবহুল সুযোগ-সুবিধা রয়েছে আবাসনে। প্রায় ২৭ হাজার বর্গফুট জায়গার উপর তৈরি এই আবাসনে দু’টি টাওয়ার থাকছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ ১৮:২৩
তব্বুর ফ্ল্যাটটি আয়তনে কত?

তব্বুর ফ্ল্যাটটি আয়তনে কত? ছবি: সংগৃহীত।

সদ্য মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘ভূত বাংলা’। ছবি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দর্শকের। কিন্তু এর মধ্যেই নিজের সম্পত্তির পরিমাণ কিছুটা বাড়িয়ে নিলেন তব্বু। মুম্বইয়ে নতুন একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন অভিনেত্রী। সম্পত্তিতে বড় সংযোজন হল তাঁর। জানা যাচ্ছে, ভার্সোভার এক বহুতলে এই ফ্ল্যাটটি কিনেছেন তিনি।

Advertisement

গত ২৬ মার্চ এই ফ্ল্যাটের আনুষ্ঠানিক কেনাবেচার কাজ সম্পন্ন করেন তব্বু। এই নতুন ফ্ল্যাটের দাম ১০ কোটি, বহুতল নির্মাণ সংস্থা সংক্রান্ত একটি ওয়েবসাইট এমনই দাবি করেছে। ফ্ল্যাটটির আয়তন প্রায় ২১৫৩ বর্গফুট। সেই সঙ্গে প্রায় ১২৭ বর্গফুটের একটি বারান্দাও রয়েছে। এই ফ্ল্যাট কিনতে তব্বু প্রায় ৫.২৪ লক্ষ টাকার স্ট্যাম্প ডিউটি এবং ৩০ হাজার টাকা দিয়ে রেজিস্ট্রেশন করেছেন। এ ছাড়াও, এই ফ্ল্যাটের সঙ্গে দু’টি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে।

এই বহুতলটি একেবারে নতুন নির্মিত হয়েছে। বিলাসবহুল সুযোগ-সুবিধা রয়েছে আবাসনে। প্রায় ২৭ হাজার বর্গফুট জায়গার উপর তৈরি এই আবাসনে দু’টি টাওয়ার থাকছে। প্রতিটি টাওয়ারে ২৪টি করে তলা। গোটা আবাসনে মোট ১২৬টি ফ্ল্যাট তৈরির পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, ‘ভূত বাংলা’ ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন অক্ষয় কুমার, ওয়ামিকা গব্বী, পরেশ রাওয়াল, রাজপাল যাদব সহ আরও অনেকে। ছবিটি ১৬ এপ্রিল মুক্তি পেয়েছে এবং দর্শক ও সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। এর পরে তব্বুকে দেখা যাবে তেলুগু ছবি ‘স্লামডগ: ৩৩ টেম্পল রোড’-এ। তবে এই ছবি নিয়ে তিনি এখনও সেই ভাবে কোনও কথা বলেননি তিনি।

Advertisement
আরও পড়ুন