‘আলফা’র জন্য কত কোটি পাচ্ছেন আলিয়া? ছবি: সংগৃহীত।
যশরাজ ফিল্মস প্রযোজিত ‘আলফা’ মুক্তির অপেক্ষায়। সংস্থার ‘স্পাই ইউনিভার্স’-এর অন্যতম প্রতীক্ষিত ছবি। আলিয়া লড়াইয়ের দৃশ্যে কতটা মানানসই, তা নিয়ে প্রশ্ন উঠছে। অনেকেরই দাবি, এমন শক্তিশালী চরিত্রের জন্য মোটেই ঠিক নন আলিয়া। এই ছবিতে তিনি ছাড়াও রয়েছেন ববি দেওল, শর্বরী ওয়াঘ, অনিল কপূরের মতো তারকারা। আবার এই ছবির মাধ্যমেই দেশের সর্বোচ্চ পারিশ্রমিক-প্রাপ্ত অভিনেত্রী হলেন আলিয়া! বাকিরা পেলেন কত টাকা?
বলিউডের পয়লা নম্বর অভিনেত্রীদের মধ্যে নাম আসে দীপিকা পাড়ুকোন, আলিয়া ও ক্যাটরিনা কইফের। অন্যদিকে প্রিয়ঙ্কা চোপড়া বহু বছর ধরেই বলিউড থেকে দূরে। ‘বারাণসী’ ছবির মাধ্যমে ফের ভারতীয় সিনেমায় দেখা যাবে তাঁকে। বেশ কিছু দিন ধরেই সিনেমা থেকে দূরে ক্যাটরিনাও। শোনা যায়, ছবি পিছু ক্যাটরিনা নিতেন প্রায় ১৫ কোটি। দীপিকাকে শেষ দেখা যায় ‘কল্কি’ ছবিতে। মা হওয়ার পরে দীপিকাও খানিকটা অন্তরালে। ছবি পিছু তাঁর পারিশ্রমিক ছিল ২০ কোটির কিছু বেশি। এ বার সকলকে ছাপিয়ে গেলেন আলিয়া। এই ছবির জন্য তিনি পেলেন ২৫ কোটি।
এই ছবিতে আলিয়ার বাবার চরিত্রে অভিনয় করেছেন ববি। ‘অ্যানিম্যাল’ ছবির সাফল্যের পর থেকেই আলোচনায় ববি। একের পর এক ছবির প্রস্তাব পাচ্ছেন তিনি। তাঁর ডুবন্ত কেরিয়ারে নতুন জোয়ার এসেছে। শোনা যাচ্ছে, ‘আলফা’ ছবির জন্য তিনি পাচ্ছেন ৬ কোটি টাকা।
যশরাজ ফিল্মস-এর হাতেই বলিউডে আত্মপ্রকাশ শর্বরীর। মাঝে অন্যান্য ছবিতেও কাজ করেছেন। সম্প্রতি ইমতিয়াজ় আলি পরিচালিত ‘ম্যায় ওয়াপস আয়ুঙ্গা’ ছবিতে দেখা গিয়েছে তাঁকে। শোনা যাচ্ছে, ‘আলফা’ ছবির জন্য তিনি পাচ্ছেন প্রায় ৩ কোটি টাকা। একই পরিমাণ অর্থ নাকি পাচ্ছেন অনিলও।
এই ছবিতে একটি ক্যামিয়ো চরিত্রে দেখা যাবে হৃতিক রোশনকে। কারণ এর আগে হৃতিককে ‘স্পাই ইউনিভার্স’-এর হিট ছবি ‘ওয়ার’-এ দেখা গিয়েছে। এ বার এই ছবিতেও থাকছেন তিনি। ছবিটি মুক্তি পাচ্ছে ২০২৬ সালের ৩ জুলাই।