Alka Yagnik

‘কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি!’ রাষ্ট্রপতি ভবনে অলকার ভিডিয়ো ভাইরাল হতেই মুখ খুললেন গায়িকা

২৩ জুন রাষ্ট্রপতি ভবনে পদ্মসম্মানের জন্য নাম ঘোষণা হওয়ার পরে অলকাকে ধরে ধরে নিয়ে যান নিরাপত্তারক্ষীরা। সেটা দেখে অনুাগীদের প্রশ্ন ‘অলকা কি শারীরিক ভাবে সুস্থ’? অবশেষে কী বললেন গায়িকা?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ জুন ২০২৬ ১২:০৭
অলকা যাজ্ঞিক।

অলকা যাজ্ঞিক। ছবি: সংগৃহীত।

সোমবার রাষ্ট্রপতি ভবনে পদ্মভূষণ সম্মাননা দেওয়া হয় গায়িকা অলকা যাজ্ঞিককে। এই সম্মাননা অনুষ্ঠানে অলকাকে দেখে দুশ্চিন্তায় পড়েন অনুরাগীরা। নিমেষে ভাইরাল হয় গায়িকার মঞ্চে ওঠার ভিডিয়ো। নেটপাড়ার বাসিন্দাদের কৌতূহল বাড়তে থাকে গায়িকাকে নিয়ে। অবশেষে মুখ খুললেন গায়িকা।

Advertisement

যে ভিডিয়ো ভাইরাল হয়েছে গায়িকার সেখানে দেখা গিয়েছে, নিজের নাম ঘোষণা হওয়ার পরে নিজের আসন ছেড়ে ধীরে ধীরে মঞ্চের দিকে এগিয়ে যান গায়িকা। তার পরে মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পা ছুঁয়ে প্রণাম করেন। তার পরই দেখা যায়, অলকাকে ধরে ধরে নিয়ে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা। সেটা দেখে অনুাগীদের প্রশ্ন, ‘অলকা কি শারীরিক ভাবে সুস্থ’? শুধু তা-ই নয়, কেউ কেউ উদ্বেগ প্রকাশ করে লেখেন, ‘‘ওঁর শ্রবণশক্তিতে সমস্যা কি গুরুতর?’’ কারণ, বছর দুয়েক আগে গায়িকা নিজে জানিয়েছিলেন, তাঁর স্নায়ুজনিত রোগ ধরা পড়েছে। ফলে তাঁর শ্রবণশক্তি কমেছে। সোমবার মঞ্চে গায়িকাকে এ ভাবে দেখে উদ্বেগ প্রকাশ করতে শুরু করেন অনুরাগীরা। অবশেষে অলকা নিজেই নিজের স্বাস্থ্যের খবর জানান সকলকে।

পদ্মসম্মান গ্রহণের পরে দীর্ঘ একটি পোস্ট করেন গায়িকা। সেখানেই তিনি জানান, গত দু’বছর ধরে স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছেন। এমন সময় অনুরাগীদের ভালবাসা, পাশে থাকার প্রতিশ্রুতি ও প্রার্থনা তাঁকে সাহস জুগিয়েছে। শারীরিক সমস্যা ধরা পড়ার পর থেকে সে ভাবে বাড়ি থেকে বেরোননি তিনি।

অলকার কথায়, ‘‘প্রায় দু’বছর হল সে ভাবে জনসমক্ষে আসিনি। স্বাস্থ্যজনিত সমস্যার কারণে নিজেকে আড়ালে রেখেছিলাম এবং নিজের ব্যক্তিগত লড়াই সম্পর্কে খুব বেশি কিছু প্রকাশ করিনি। আপনারা সকলেই জানেন, আমি খুব কঠিন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এই সময়ে অনুরাগীদের ভালোবাসা, প্রার্থনা, শুভেচ্ছাবার্তা আমাকে প্রতিটা দিন এগিয়ে নিয়ে যেতে শক্তি জুগিয়েছে।’’

তিনি বলেন, এই সম্মাননা তাঁর কাছে অত্যন্ত গর্বের এবং একই সঙ্গে গভীর ভাবে বিনম্র করে দেওয়ার মতো একটি মুহূর্ত। তিনি জানান, পুরস্কারে হয়তো তাঁর নাম রয়েছে। কিন্তু প্রকৃত অর্থে এই সম্মান তাঁদের সকলের, যাঁরা বছরের পর বছর ধরে তাঁর গান ভালোবেসেছেন, প্রজন্মের পর প্রজন্ম তাঁর সুর বয়ে নিয়ে গিয়েছেন এবং সুখ-দুঃখের প্রতিটি মুহূর্তে তাঁর পাশে থেকেছেন। অলকার কথায়, ‘‘সামনে দীর্ঘ পথ পেরাতে হবে আমাকে।’’

২০২৪ সালে অলকা জানিয়েছিলেন, এক বার বিমান থেকে নামার সময় আচমকাই তাঁর কানে তালা লেগে যায়। তার পর থেকে কোনও কিছু শোনার ক্ষেত্রে সমস্যা হচ্ছে তাঁর। এমন একটা ঘটনার পর থেকে কাজে ফিরতেও পারছেন না গায়িকা। যদিও একাধিক প্রস্তাব আছে তাঁর কাছে। শেষ বার ইমতিয়াজ় আলির ‘চমকিলা’ ছবিতে গেয়েছিলেন গায়িকা।

Advertisement
আরও পড়ুন