Ananya Panday

‘ভরতনাট্যমের অপমান করেছেন’, অনন্যার নাচ নিয়ে বিতর্কের ঝড়, অভিনেত্রীর কোন ভঙ্গিমায় আপত্তি?

ভরতনাট্যম নাচের পোশাক অনন্যার পরনে। সাজও তেমনই। মঞ্চে নাচছেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ মে ২০২৬ ১৯:১২
Ananya Pandey trolled for her dance in Chand Mera Dil

অনন্যার নাচ নিয়ে বিতর্কের ঝড়। ছবি: সংগৃহীত।

সম্প্রতি মুক্তি পেয়েছে অনন্যা পাণ্ডে ও লক্ষ্যের ছবি ‘চাঁদ মেরা দিল’। ছবিতে রয়েছে অনন্যার একটি নাচের দৃশ্য। মঞ্চে ভরতনাট্যম নেচেছেন তিনি। সেই নাচের দৃশ্য নিয়ে দর্শকমহলে হইহই। কটাক্ষে জেরবার হচ্ছেন অভিনেত্রী।

Advertisement

ভরতনাট্যম নাচের পোশাক অনন্যার পরনে। সাজও তেমনই। মঞ্চে নাচছেন তিনি। ভরতনাট্যমের সঙ্গে এ যুগের নাচের মেলবন্ধন করেছেন কোরিয়োগ্রাফার, যাকে বলে ‘ফিউশন’। এই নাচ নিয়ে কটাক্ষের শিকার হচ্ছেন অনন্যা। কেউ কেউ বলছেন, “ভরতনাট্যম নাচকে অসম্মান করেছেন অনন্যা।” আর এক জন আবার লিখেছেন, “এ সব কী হচ্ছে! এ কেমন নৃত্য পরিচালনা! অনন্যা পাণ্ডে এত প্রাচীন এক নৃত্যশৈলীর এ কী অবস্থা করেছেন!” কিছু পদভঙ্গিমা ছিল রোবোটের মতো, যাতে সাধারণত ‘রোবোট ডান্স’ বলা হয়। এই ভঙ্গিমা নিয়েই মূল আপত্তি।

অনন্যার নাচ নিয়ে মশকরাও হচ্ছে নেটপাড়ায়। এক নিন্দক খোঁচা দিয়ে বলেছেন, “কোন প্রাচীন যুগে ভরতনাট্যমের সূচনা। এই প্রাচীন নৃত্যশৈলীর অবসান হল অনন্যার মাধ্যমেই। আমি নিজে ১০ বছর ভরতনাট্যম শিখেছি। কিন্তু সে সব আমি আজ ভুলে গেলাম।”

তবে এই বিতর্কে এখনও মুখ খোলেননি অনন্যা বা ছবির নির্মাতারা। ছবিটি মুক্তি পেয়েছে ২২ মে। বিবেক সোনি পরিচালিত এই ছবি প্রযোজনা করেছেন কর্ণ জোহর, আদর পুনাওয়ালা, অপূর্ব মেহতা, সোমেন মিশ্ররা। ‘চাঁদ মেরা দিল’ এখনও পর্যন্ত ৩.৬৫ কোটি টাকার বক্সঅফিস ব্যবসা করেছে।

উল্লেখ্য, লক্ষ্য নজর কেড়েছিলেন আরিয়ান খানের ওয়েব সিরিজ় ‘ব্যাড্স অফ বলিউড’-এ। সেই ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তাঁর অভিনয়ও প্রশংসিত হয়েছিল। অন্য দিকে, অনন্যাকে শেষ দেখা গিয়েছে ‘তু মেরী ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরী’ ছবিতে। তবে সেই ছবি বক্সঅফিসে সফল হয়নি।

Advertisement
আরও পড়ুন