Rashmika And Vijay's Engadgement

গোপনে আংটিবদল সারা, বিয়ের আগেও নিজেদের পরখ করতে চান! কবে সাতপাক ঘুরবেন বিজয়-রশ্মিকা?

পুজোর আবহেই নাকি শুভ কাজ সেরে ফেলেছেন তারকাযুগল? খবর, দুই পরিবারের ঘনিষ্ঠেরা এক হয়েছিলেন বাগ্‌দান অনুষ্ঠানে!

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৫ ০৯:১৮
বাগ্‌দান সারা! কবে বিয়ে বিজয় দেবরকোন্ডা, রশ্মিকা মন্দানার?

বাগ্‌দান সারা! কবে বিয়ে বিজয় দেবরকোন্ডা, রশ্মিকা মন্দানার? ছবি: সংগৃহীত।

২০১৮ থেকে ২০২৫। আট বছর ধরে সম্পর্কে রয়েছেন। তবু ঢাকঢাক-গুড়গুড় গেল না বিজয় দেবরকোন্ডা-রশ্মিকা মন্দানার! দক্ষিণী বিনোদন দুনিয়ায় জোর গুঞ্জন, পুজোর আবহেই নাকি শুভ কাজ সেরে ফেলেছেন তারকাযুগল! বিজয়ের হায়দরাবাদের বাড়িতে একদম ঘরোয়া অনুষ্ঠানে আংটিবদল সেরেছেন। এখন চার হাত এক হওয়ার অপেক্ষা।

Advertisement

গুঞ্জনের এখানেই কিন্তু শেষ নয়! সব ঠিক থাকলে প্রেমের মাসেই নাকি বিয়ের পিঁড়িতে বসবেন যুগলে। ফেব্রুয়ারিতে, অর্থাৎ প্রেমদিবসের আবহে সাতপাকে বাঁধা পড়বেন তাঁরা। তা হলে এত গোপনীয়তা কেন? শোনা যাচ্ছে, বিয়ের আগে নাকি নিজেদের ভাল ভাবে পরখ করে দেখে নিতে চান বিজয়-রশ্মিকা। তাই বাগ্‌দানের পরেও মাস তিনেক সময় নিচ্ছেন। প্রকাশ্যে আনছেন না তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে এও জানা গিয়েছে, দুই পরিবারের সম্মতি এবং উপস্থিতিতেই নাকি বাগ্‌দান সম্পন্ন হয়েছে। যদিও দুই তারকার তরফে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনও ঘোষণা করা হয়নি।

বাগ্‌দানের গুঞ্জন ছড়াতেই আনন্দে ভেসেছেন দুই তারকার অনুরাগীরা। সমাজমাধ্যমে শুভেচ্ছার প্লাবন। তারকাযুগলের ছবি দিয়ে অভিনন্দন জানিয়েছেন সকলে।

বিজয়-রশ্মিকার এত গোপনীয়তা নিয়েও উঠেছে প্রশ্ন! গত আট বছর ধরে যাঁরা সম্পর্কে, প্রায়ই ইতিউতি দেখা গিয়েছে যাঁদের, অন্তরঙ্গ সময় কাটাতে উড়ে গিয়েছেন বিদেশে— তাঁরা নিজেদের ভালবাসায় আস্থা রাখতে পারছেন না? দক্ষিণী বিনোদন দুনিয়ার অনুমান, এর আগেও যেহেতু এক বার বাগ্‌দান ভেঙেছে রশ্মিকার, সম্ভবত সেই কারণেই এত গোপনীয়তা।

রশ্মিকার প্রথম বাগ্‌দান হয় অভিনেতা রক্ষিত শেট্টীর সঙ্গে, ২০১৭-এর জুলাইয়ে। যদিও সেই বাগ্‌দান ২০১৮-র সেপ্টেম্বরে ভেঙে যায়। সেই সময় শোনা গিয়েছিল, ২০১৮-র হিট ছবি ‘গীত গোবিন্দম’ এবং ২০১৯-এর ‘ডিয়ার কমরেড’ নাকি বদলে দিয়েছে রশ্মিকার জীবন! জুটি বাঁধার সুবাদে তখন থেকেই তিনি বিজয়ের প্রতি দুর্বল। তাঁরা একসঙ্গে সময় কাটাতে শুরু করেন। সম্পর্কের গুঞ্জন জোরালো হয় ২০২৩-এ। যখন তাঁরা মলদ্বীপে একসঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন।

Advertisement
আরও পড়ুন