Hero Alom Controversy

পুলিশি হেফাজতে হিরো আলম, উঠেছে একগুচ্ছ অভিযোগ, বিতর্কের মাঝে কী বললেন তাঁর ঘনিষ্ঠ রবিন খান?

বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশি ইউটিউবার হিরো আলমকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে উঠেছে একগুচ্ছ অভিযোগ। এ প্রসঙ্গে কী বললেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু?

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫৯
পুলিশি হেফাজতে হিরো আলম।

পুলিশি হেফাজতে হিরো আলম। ছবি: সংগৃহীত।

আবার বিতর্কে বাংলাদেশের ইউটিউবার তথা অভিনেতা হিরো আলম। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ এবং নির্যাতনের অভিযোগে করা মামলায় আশরাফুল হোসেন আলমকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার আচমকা এই খবর প্রকাশ্যে আসতে চমকে গিয়েছেন অনেকেই। বাংলাদেশি সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ সূত্রে খবর, বগুড়া থেকে ঢাকায় ফেরার পথে শাজাহানপুর থানার সামনে গ্রেফতার করা হয় তাঁকে।

Advertisement

এই ঘটনা জানার পরে আনন্দবাজার ডট কম-এর তরফে ফোন করা হয় আলমের নম্বরে। তাঁর ফোন তুলেছিলেন রবিন খান নামের এক ব্যক্তি। তিনি আলমের সহকর্মী হিসাবে নিজের পরিচয় দেন। হিরো আলমের অনেক গান লিখেছেন রবিন। তিনি বলেন, “এই ঘটনা সত্যি। ওঁকে গ্রেফতার করা হয়েছে। অনেক বছর আগের ঘটনা। আমিও বিস্তারিত কিছু জানি না। আলম ভাইকে গ্রেফতার করা হয়েছে সেই অভিযোগেই। সোমবারের আগে কিছুই জানতে পারব না। পরবর্তী পদক্ষেপই বা কী করা হবে সেটা এখন বলতে পারছি না। আইনজীবীর সঙ্গে বিস্তারিত আলোচনা করতে হবে।”

পুলিশ সূত্রে খবর, সাদিয়া রহমান মিথিলা নামের এক মহিলাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে আলমের বিরুদ্ধে। জোর করে গর্ভপাত করানোর অভিযোগও জানিয়েছেন ওই মহিলা। ২০২৫ সালের ২১ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে বগুড়ার আদালতে মামলা করেন ওই মহিলা। তদন্তে প্রাথমিক ভাবে সে দেশের গোয়েন্দা সংস্থা এই অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানায়। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে হিরো আলমের বিরুদ্ধে।

Advertisement
আরও পড়ুন