Geetashree Roy

গীতশ্রী কি এ বার যোগগুরু? ২৫ দিন পেঁয়াজ, রসুন, আমিষ খাবার থেকে দূরে, হৃষীকেশে গিয়ে কী করলেন?

‘শুভ বিবাহ’ ধারাবাহিক শেষ হতেই ২৫ দিনের জন্য পরিবার থেকে দূরে, হৃষীকেশে পাড়ি দেন অভিনেত্রী গীতশ্রী রায়। কেন গিয়েছিলেন সেখানে?

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ মে ২০২৬ ১১:২৭
গীতশ্রী কি এ বার যোগগুরু?

গীতশ্রী কি এ বার যোগগুরু? ছবি: সংগৃহীত।

অনেক দিন আগে থেকেই এমন পরিকল্পনা করেছিলেন অভিনেত্রী গীতশ্রী রায়। কিন্তু, একের পর এক ধারাবাহিকের কাজের জন্য কিছুতেই নিজের এই ইচ্ছা পূরণ করতে পারছিলেন না তিনি। তাই ‘শুভ বিবাহ’ ধারাবাহিক শেষ হতেই ২৫ দিনের জন্য পরিবার থেকে দূরে হৃষীকেশ পাড়ি দেন অভিনেত্রী।

Advertisement

গীতশ্রী বললেন, “আমার বন্ধুরা জানে, করোনা পরিস্থিতির আগে থেকে এই পরিকল্পনা ছিল। তার পরে পর পর কাজও ছিল হাতে। তাই সময় হয়ে উঠছিল না। তাই ‘শুভ বিবাহ’ শেষ হওয়ার পরে যোগাসন শিখবই বলে ঠিক করেছিলাম।”

২৫ দিনের প্রশিক্ষণ নিয়েছেন গীতশ্রী। কঠোর নিয়মের মধ্যে দিয়ে গিয়েছে এই ক’টা দিন। অভিনেত্রী যোগ করেন, “সত্যি বলছি, ২৫ দিন পরে নিজেকে একটা অন্য মানুষ মনে হচ্ছে। আগে খুবই উত্তেজিত ছিলাম। আরও শান্ত হয়ে গিয়েছি। ১ মে থেকে শুরু হয় প্রশিক্ষণ। বেশ কঠিন নিয়মের মধ্যে চলতে হয়েছে।”

২৫ দিনের প্রশিক্ষ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ণে অনেক কিছু শিখেছেন গীতশ্রী

২৫ দিনের প্রশিক্ষ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ণে অনেক কিছু শিখেছেন গীতশ্রী ছবি: ইনস্টাগ্রাম

ভোর ৫টা থেকে ক্লাস শুরু হয় সেখানে। অভিনেত্রী বলেন, “পুরো নিরামিষ খাবার। পেঁয়াজ, রসুনও থাকত না সেখানে। ভোর ৬টা থেকে শুরু হত ক্লাস। সেখানে নানা ধরনের যোগ শেখানো হত। বেদ পড়তে হত। আরও অনেক কিছু ছিল। সন্ধ্যা সাড়ে ৭টায় ধ্যানের মাধ্যমে শেষ হত সারা দিনের প্রশিক্ষণ।” অভিনেত্রী জানান, সারা দিনে অন্য কিছু নিয়ে ভাবার আর কোনও সময়ই থাকত না।

গীতশ্রী আরও বলেন, “আমি পরিবারের থেকে দূরে থাকার কথা ভাবতেই পারি না। সেখানে কী ভাবে এতগুলো দিন ওখানে কাটিয়ে দিলাম, তা ভাবতেই পারছি না। আমার বাবা তো বার বার জানতে চাইছিলেন, কবে ফিরব। কিন্তু ওখানে গিয়ে যা শান্তি পেয়েছি। অনেক বন্ধু হয়েছে।” এই ধরনের যোগ প্রশিক্ষণ কেন্দ্রে সাধারণত বিদেশি ছাত্রছাত্রীদেরই দেখা যায়। তবে এখন অনেক ভারতীয়ও যান যোগ প্রশিক্ষণ নিতে।

হৃষীকেশে অনেক বন্ধু পেয়েছেন।

হৃষীকেশে অনেক বন্ধু পেয়েছেন। ছবি: ইনস্টাগ্রাম

এই প্রশিক্ষণ নিতে খরচ কেমন? গীতশ্রী বললেন, “২০০ ঘণ্টার প্রশিক্ষণের জন্য ২৫ দিনের খরচ প্রায় ৮৫,০০০ টাকা। থাকা, খাওয়া-দাওয়া নিয়ে। আর যদি ৩০০ ঘণ্টার প্রশিক্ষণ নিতে চান কেউ, তা হলে খরচ পড়বে প্রায় ১ লক্ষ টাকার কাছাকাছি। তবে তিন থেকে চার মাস আগে কেন্দ্রে ফোন করে সিট বুক করতে হয়।”

এই প্রশিক্ষণে কত খরচ?

এই প্রশিক্ষণে কত খরচ? ছবি: ইনস্টাগ্রাম

আগামী দিনে কি অভিনেত্রীর যোগ প্রশিক্ষক হওয়ার ইচ্ছা আছে? তা এখনও নিশ্চিত করে বলতে পারছেন না তিনি। কারণ, এই প্রশিক্ষণের মাধ্যমে তিনি পৃথিবীর যে কোনও প্রান্তে যোগ শেখাতে পারবেন না। ধারাবাহিক শেষ হওয়ার পরে প্রথম দু’মাস প্রেমিক প্রবীর দাসের কাছে গোয়ায় ছিলেন গীতশ্রী। তার পর হৃষীকেশ চলে যান এই প্রশিক্ষণ নিতে। প্রায় তিন মাস পরে কলকাতায় ফিরেছেন। এখনই নতুন কোনও ধারাবাহিক শুরু করার পরিকল্পনা নেই, জানিয়েছেন তিনি। আপাতত এক মাস এই যোগ বাড়িতে অনুশীলন করতে চান।

Advertisement
আরও পড়ুন