রিমি সেন। ছবি: সংগৃহীত।
বলিউডের একসময়ের অত্যন্ত পরিচিত মুখ ছিলেন রিমি সেন। ‘হাঙ্গামা’, ‘গরম মসালা’, ‘ফির হেরা ফেরি’, ‘ধুম’-এর মতো একাধিক জনপ্রিয় হিন্দি ছবিতে অভিনয় করেছেন রিমি। এক দশক ধরে বলিপাড়ায় কাজ করলেও হঠাৎ করেই তাঁর হাতে ছবির সংখ্যা কমতে থাকে। তখন মুম্বই ছেড়ে তিনি দুবাই চলে যান। সেখানেই ঘরবাড়ি-জমির ব্যবসা শুরু করেন। বর্তমানে সেখানে নিজস্ব সংস্থা রয়েছে অভিনেত্রীর। বলিউডে নায়িকাদের ভবিষ্যৎ অনিশ্চিত, এমনই মনে করেন তিনি। তাই চলে যান মরুশহরে। সেখানে গিয়ে কত সম্পত্তির মালকিন হতে পারলেন রিমি?
দুবাইয়ে বহুতল নির্মাণের ব্যবসা করেন রিমি। নিজের সংস্থা রয়েছে সেখানে। যদিও নিজের রোজের জীবন এখন আড়ালেই রাখতে চান তিনি। দুবাইয়ের পাশপাশি মুম্বইয়েও বাড়ি আছে তাঁর। মুম্বইয়ের গ্ল্যামর ছেড়ে ইট-কাঠ-পাথরের জীবন বেছে নেওয়ার কারণ আর্থিক স্বাচ্ছল্য। তা ছাড়াও রিমি বলেন, ‘‘বলিউডের নেশা কেটে গিয়েছে ধীরে ধীরে। এখন দুবাইয়ে ব্যবসার ভূত চেপে বসেছে মাথায়!’’ খানিক ক্ষোভের সঙ্গেই রিমি বলেছিলেন, ‘‘বলিউডে আমির-শাহরুখ-সলমনেরা ২৫-৩০ বছর ধরে এখনও নায়কের চরিত্রে অভিনয়ের প্রস্তাব পান। কিন্তু নায়িকাদের কর্মজীবন খুবই ক্ষণস্থায়ী।’’ এই কয়েক বছরে ভিন্দেশে গিয়ে ৯০ কোটি টাকার সম্পত্তি তৈরি করেছেন রিমি। এ ছাড়াও ভারতেও তাঁর বাড়ি রয়েছে। একাধিক বিলাসবহুল গাড়ি রয়েছে তাঁর সংগ্রহে।