Swara Bhasker on Chhaava

‘মুসলিম পুরুষকে বিয়ে করে পক্ষপাতদুষ্ট’, স্বরার বিরুদ্ধে ইতিহাসকে অপমান করার অভিযোগ

‘ছাওয়া’ নিয়ে মন্তব্য করেই বিপাকে পড়েছেন স্বরা। নিন্দকদের দাবি, ফের ভারতের ইতিহাসকে অপমান করেছেন অভিনেত্রী।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:২২
Bollywood actress Swara Bhasker’s comment on Chhaava created new controversy

‘ছাওয়া’ নিয়ে মন্তব্য করে বিতর্কে স্বরা। ছবি: সংগৃহীত।

ফের বিতর্কে জড়ালেন স্বরা ভাস্কর। বিভিন্ন বিষয় নিয়ে স্পষ্ট মতামত রাখেন অভিনেত্রী। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি ‘ছাওয়া’ নিয়েও সমাজমাধ্যমে মন্তব্য করেছেন তিনি। মরাঠা রাজা সম্ভাজিকে নিয়ে তৈরি এই ছবি দেখে আবেগঘন হয়েছেন দর্শকের অনেকেই। চোখে জল নিয়ে প্রেক্ষাগৃহ থেকে বেরোচ্ছেন তাঁরা। এতেই আপত্তি জানান স্বরা। অভিনেত্রীর মত, সমাজের নাকি মৃত্যু হয়েছে। ‘ছাওয়া’ নিয়ে মন্তব্য করেই বিপাকে পড়েছেন স্বরা। নিন্দকদের দাবি, ফের ভারতের ইতিহাসকে অপমান করেছেন অভিনেত্রী। একসময়ে সম্ভাজির বিরুদ্ধে হওয়া অত্যাচারকেও অত্যন্ত ছোট করে দেখিয়েছেন তিনি।

Advertisement

স্বরা তাঁর এক্স হ্যান্ডলে লিখেছিলেন, “সারা পৃথিবীতে ঘৃণা ও গোঁড়ামি যেন খুব স্বাভাবিক বিষয় হয়ে উঠেছে। সমাজমাধ্যমে একেই পরে দেশপ্রেমের নাম দেওয়া হবে। এই সমাজ ৫০০ বছর আগে হিন্দুদের উপর হওয়া আংশিক কাল্পনিক ও নাটকীয় অত্যাচার দেখে বেশি ক্ষুব্ধ। কিন্তু পদপিষ্ট হওয়া ও অব্যবস্থার ফলে ভয়াবহ মৃত্যু দেখে তারা নীরব। দেখে মনে হচ্ছে, সমাজের মন ও আত্মার মৃত্যু ঘটেছে।”

স্বরার ‘নাটকীয় অত্যাচার’ মন্তব্যতেই ফুঁসে উঠেছেন অনেকে। প্রাক্তন সাংবাদিক তথা দিল্লি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে স্নাতক প্রাক্তন ছাত্রী স্বাতী চতুর্বেদী মনে করেছেন, নিজের মন্তব্য নিয়ে আরও এক বার ভাবা উচিত স্বরার। তিনি একটি পোস্টের মাধ্যমে বলেছেন, “স্বরা, আপনার আরও এক বার ভাবা উচিত। আমি দিল্লি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের ছাত্রী। সম্ভাজির উপরে ঔরঙ্গজ়েব যে পরিমাণ অত্যাচার করেছিলেন, তার কোনওটাই কাল্পনিক নয়। ইতিহাস নিয়ে খেলবেন না দয়া করে।”

আইনজীবী অনন্ত দেহাদ্রইও এই মন্তব্যের জন্য স্বরার সমালোচনা করেছেন। তিনি লিখেছেন, “হিন্দুদের উপর কাল্পনিক অত্যাচার? সম্ভাজি মহারাজের এমন আত্মত্যাগ নিয়ে এই ধরনের মন্তব্য করার সাহস পেলেন কী ভাবে? সম্ভাজির উপর নির্মম অত্যাচার করেছিলেন মোগল কাপুরুষ ঔরঙ্গজ়েব। ছত্রপতি শিবাজি মহারাজের জন্মবার্ষিকীতে আপত্তিকর মন্তব্য করেছেন আপনি। লক্ষ লক্ষ ভারতীয়ের ভাবাবেগে আঘাত করেছেন আপনি।” নিন্দকদের এক জন মন্তব্য করেছেন, “মুসলিম পুরুষকে বিয়ে করার পর থেকে স্বরা এমন পক্ষপাতদুষ্ট হয়ে গিয়েছেন।”

১৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে ‘ছাওয়া’। সম্ভাজির চরিত্রে অভিনয় করেছেন ভিকি কৌশল। সম্ভাজির স্ত্রী অর্থাৎ যেশুবাইয়ের চরিত্রে দেখা গিয়েছে রশ্মিকা মন্দানাকে।

Advertisement
আরও পড়ুন