ভোটের আবহে ওটিটি-তেও রাজনীতি! গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
রাজ্যে নির্বাচনের আবহ। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে বিভিন্ন বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এসআইআর থেকে শুরু করে ভাতা এবং মানুষের খাদ্যাভ্যাসও উঠে আসছে সে সবের মধ্যে। নির্বাচনে ঠিক কোন বিষয়গুলি গুরুত্ব পাওয়া উচিত, তা নিয়ে নানা মহলে নানা আলোচনা চলছে। তবে ছবির পর্দাও পিছিয়ে নেই এ ক্ষেত্রে। রাজনীতি ও ক্ষমতার লড়াই নিয়ে তৈরি বিভিন্ন ছবি ও সিরিজ় রয়েছে। ভোটের আবহে দেখতে পারেন সেগুলি।
১) তাণ্ডব: রাজনীতির প্রেক্ষাপটে তৈরি হয়েছিল সইফ আলি খান ও জ়ীশান আয়ুব অভিনীত ‘তাণ্ডব’। এটি মূলত দিল্লির ক্ষমতার লড়াই এবং রাজনীতির অন্ধকার দিক নিয়ে গড়ে ওঠা একটি গল্প। সিরিজ়ে দেখানো হয়েছে, কী ভাবে ক্ষমতার লোভে সইফ অভিনীত সমরপ্রতাপ সিংহ নিজের বাবার বিরুদ্ধে ষড়যন্ত্র করে প্রধানমন্ত্রীর পদ দখলের চেষ্টা করে। ছাত্র রাজনীতির প্রসঙ্গও রয়েছে। সিরিজ়টির বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ ওঠে। বেশ কিছু দৃশ্য বাদ দেওয়া হয়। বিতর্কের জন্যই এর আর দ্বিতীয় সিজ়ন তৈরি হয়নি। অ্যামাজ়ন প্রাইম ভিডিয়োয় দেখা যায় এই সিরিজ়।
২) রাজনীতি ও আবার রাজনীতি: পরিচালক সৌরভ চক্রবর্তীর বাংলা ওয়েব সিরিজ় ‘রাজনীতি’। দ্বিতীয় সিজ়নের নাম ‘আবার রাজনীতি’। হইচই-এর এই সিরিজ় সাড়া ফেলেছিল। ‘রাজনীতি’-র প্রথম পর্যায়ে কাহিনির বাঁকে বাঁকে ছিল কী হয় কী হয় উত্তেজনা। ন্যায়-অন্যায়ের ঘাতপ্রতিঘাত। পাহাড় জঙ্গলে ঘেরা রিজপুর টাউনশিপে আসন্ন লোকসভা উপনির্বাচন নিয়ে সেখানকার বনেদি বন্দ্যোপাধ্যায় পরিবারের টানাপড়েন উঠে আসে প্রথম সিজ়নে। দ্বিতীয় সিজ়নে সরকারের বিরুদ্ধে জনগণের অভিযোগ দেখানো হয়েছে। দুর্নীতির প্রসঙ্গও উঠে আসে। এই সিরিজ়ে অভিনয় করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, কণীনিকা বন্দ্যোপাধ্যায়, দিতিপ্রিয়া রায়, অর্জুন চক্রবর্তী।
৩) নিউটন: রাজকুমার রাও অভিনীত নূতন কুমার এক জন আদর্শবাদী সরকারি কর্মী, যে নিজের নাম পরিবর্তন করে রাখে ‘নিউটন’। তাঁকে ছত্তীসগড়ের নকশাল অধ্যুষিত এক প্রত্যন্ত জঙ্গলে নির্বাচনের দায়িত্ব দিয়ে পাঠানো হয়। নিউটন অত্যন্ত নীতিবান ও সুষ্ঠু ভাবে নির্বাচনপ্রক্রিয়া চালাতে চান। সেখানে গিয়ে তাঁর দেখা হয় সিআরপিএফ জওয়ান আত্মা সিংহের সঙ্গে। এই চরিত্রে রয়েছেন পঙ্কজ ত্রিপাঠী। আত্মা সিংহ বাস্তববাদী এবং হতাশায় ভোগেন। বিভিন্ন বিষয় নিয়ে আত্মা ও নিউটনের মধ্যে সংঘাত বাধে। কিন্তু নিউটন শেষপর্যন্ত নিজের নীতির কাছে অনড় থাকেন। রাজনীতির আবহে দেখতে পারেন এই ছবি। অ্যামাজ়ন প্রাইমে রয়েছে এই ছবি।
৪) রাজনীতি: একটি শক্তিশালী রাজনৈতিক পরিবার ও তাদের দলের অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই নিয়ে এই ছবিটি নির্মিত। রণবীর কপূর অভিনীত সমীরপ্রতাপ আমেরিকা থেকে ভারতে ফিরে আসেন এবং নিজের অনিচ্ছা সত্ত্বেও তাঁর বাবার হত্যাকাণ্ডের পর নোংরা রাজনীতির দুনিয়ায় জড়িয়ে পড়েন। প্রতিশোধ এবং ক্ষমতার নেশা তাঁকে চতুর ও নিষ্ঠুর করে তোলে। ছবিটি মূলত ‘মহাভারত’-এর আধুনিক সংস্করণ হিসেবে দেখানো হয়েছিল বলে মনে করা হয়। ২০১০ সালের এই ছবিটি রয়েছে নেটফ্লিক্সে।
৫) পঞ্চায়েত: এই জনপ্রিয় সিরিজ়ের তৃতীয় ও চতুর্থ সিজ়নে রাজনীতি ও পঞ্চায়েত নির্বাচনের বিষয় প্রকট ভাবে রয়েছে। পঞ্চায়েত প্রধান ও বিরোধীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার বিষয় উঠে আসে। কী ভাবে শান্ত একটি গ্রাম ভোটের সময়ে উত্তাল ও ষড়যন্ত্রে ভরে ওঠে, সেই চিত্র ফুটে ওঠে এই সিরিজ়ে। অ্যামাজ়ন প্রাইমে রয়েছে এই ওয়েব সিরিজ়।
৬) নায়ক: অনিল কপূর অভিনীত চরিত্র শিবাজী রাও একজন সৎ সাংবাদিক। ছবিতে দেখানো হয়, এক দিন এক সাক্ষাৎকারে তিনি মহারাষ্ট্রের দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী অমরীশ পুরী অভিনীত বলরাজ চৌহানকে তীব্র আক্রমণ করেন। এক দিনের মুখ্যমন্ত্রী হয়ে বদল আনার চ্যালেঞ্জ নেন শিবাজী। দুর্নীতিবাজ কর্মীদের বরখাস্ত করে এবং খোদ মুখ্যমন্ত্রীকেও গ্রেফতার করার নির্দেশ দেন তিনি। ২০০১ সালের এই ছবি বিশেষ সা়ড়া ফেলেছিল।
৭) দ্য হাউজ় অফ কার্ডস: এক জন উচ্চাকাঙ্ক্ষী রাজনীতিবিদের প্রতিশোধ এবং ক্ষমতার লড়াইয়ের গল্প রয়েছে এই সিরিজ়ে। তাঁকে বিশেষ পদ প্রদান না করায়, তিনি ক্ষুব্ধ হন এবং নিজের স্ত্রীর সঙ্গে মিলে এক বিশাল ষড়যন্ত্র শুরু করেন। ধাপে ধাপে মিথ্যা, জালিয়াতি ও খুনের মাধ্যমে অন্যদের সরিয়ে দিয়ে ক্ষমতার শীর্ষে ওঠার চেষ্টা করতে থাকেন তাঁরা। তাঁদের একমাত্র লক্ষ্য, আমেরিকার প্রেসিডেন্ট হওয়া। ক্ষমতার জন্য তাঁরা নিজেদের সম্পর্ককেও ঝুঁকির মধ্যে ফেলতে ভাবেন না। নেটফ্লিক্সে দেখা যায় এই ইংরেজি ওয়েব সিরিজ়।