Rajpal Yadav Controversy

রাজপাল যাদবের চেক বাউন্স মামলায় নতুন মোড়! নতুন কোন সিদ্ধান্ত জানাল দিল্লি হাই কোর্ট?

২০২৪ সালের মে মাসে একটি সেশন কোর্ট চেক বাউন্স মামলায় যাদবকে ছয় মাসের কারাদণ্ড দেয়। এই মামলায় নতুন কী সিদ্ধান্ত শোনাল দিল্লি হাই কোর্ট?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৬ ১৯:৪৬
রাজপাল যাদবের চেক বাউন্স মামলায় নতুন মোড়!

রাজপাল যাদবের চেক বাউন্স মামলায় নতুন মোড়! ছবি: সংগৃহীত।

চেক বাউন্স মামলায় বিতর্কে জড়িয়েছিলেন অভিনেতা রাজপাল যাদব। বুধবার দিল্লি হাই কোর্ট স্পষ্ট জানিয়ে দিল, রাজপালকে ফের জেলে পাঠানোর প্রয়োজন দেখছে না আদালত। তাঁর সাজা স্থগিত রাখার যে অন্তর্বর্তী আদেশ দেওয়া হয়েছিল, সেটিও বাতিল করার আবেদন আদালত নাকচ করে দেয়।

Advertisement

বিচারপতি বলেন, “আমি কোনও কারণ খুঁজে পাচ্ছি না। তিনি পালিয়ে যাচ্ছেন না, এখানেই উপস্থিত আছেন। কোথাও যাচ্ছেন না।” অভিযোগকারীর পক্ষের আইনজীবী আদালতে দাবি করেন, যাদব এই মামলাকে ‘মিডিয়া ট্রায়াল’-এ পরিণত করার চেষ্টা করছেন। এর উত্তরে বিচারপতি স্পষ্ট বলেন, “মিডিয়ার প্রতিবেদন আদালতের সিদ্ধান্তে কোনও প্রভাব ফেলে না। মিডিয়া ট্রায়াল তো প্রায় সব ক্ষেত্রেই হয়। এতে আমার কিছু যায় আসে না। আমি মিডিয়া দেখি না। মিডিয়ায় কী হচ্ছে, তা নিয়ে আমি ভাবি না। আমার কাছে তিনি একজন সাধারণ মামলাকারী, আপনিও তাই।”

বিচারপতি আরও জোর দিয়ে জানান, অভিনেতা বলে রাজপালকে কোনও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে না। আদালতে আসা প্রত্যেক মামলাকারীকেই সমান ভাবে গুরুত্ব দেওয়া হয়। আদালত জানিয়েছে, আগামী ১ এপ্রিল মামলাটির চূড়ান্ত শুনানির চেষ্টা করা হবে। একইসঙ্গে, যাদব যদি এখনও আপসের মাধ্যমে বকেয়া টাকা শোধ করতে চান, তবে তাঁকে নতুন প্রস্তাব নিয়ে আদালতে আসতে বলা হয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের মে মাসে একটি সেশন কোর্ট চেক বাউন্স মামলায় যাদবকে ছয় মাসের কারাদণ্ড দেয়। পরে হাই কোর্ট তাঁর সাজা স্থগিত করে। কারণ, তাঁর আইনজীবী আশ্বাস দিয়েছিলেন যে তিনি অভিযোগকারী প্রযোজনা সংস্থার সঙ্গে সমঝোতার মাধ্যমে বকেয়া টাকা শোধ করবেন। তবে যাদব নির্ধারিত সময়ের মধ্যে সেই টাকা শোধ করতে ব্যর্থ হন। ফেব্রুয়ারির শুরুতে আদালত তাঁর ব্যাখ্যা খারিজ করে দেয় এবং সময়মতো অর্থ না দেওয়ায় তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দেয়। এই বিতর্কে অভিনেতার পাশে ছিলেন তাঁর সকল সহকর্মী। এরই মধ্যে নিজের একটি ইউটিউব চ্যানেলও খুলেছেন অভিনেতা। যেখানে রোজগারের মাধ্যমে বাকি ঋণ শোধ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

Advertisement
আরও পড়ুন