Dhruv Rathee on Priyanka Chopra

‘নিজের বাড়িতে তো বোমা পড়েনি’, ‘মুক্ত প্যালেস্তাইন’ প্রসঙ্গে প্রিয়ঙ্কার অভিব্যক্তি নিয়ে তোপ ধ্রুব রাঠীর

অস্কার পুরস্কারের মঞ্চে ‘মুক্ত প্যালেস্তাইন’ প্রসঙ্গ উঠতেই মাথা নেড়ে সায় দিয়েছিলেন প্রিয়ঙ্কা। অনেকেই ধরে নিয়েছিলেন, প্রিয়ঙ্কা সম্মতি জানিয়েছিলেন। কিন্তু প্রিয়ঙ্কার অভিব্যক্তি দেখে তাঁকে তোপ দাগলেন ধ্রুব রাঠী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৬ ১৪:৪৩
প্যালেস্তাইন নিয়ে প্রিয়ঙ্কাকে ‘ভীতু ও স্বার্থপর’ বললেন ধ্রুব!

প্যালেস্তাইন নিয়ে প্রিয়ঙ্কাকে ‘ভীতু ও স্বার্থপর’ বললেন ধ্রুব! ছবি: সংগৃহীত।

ধ্রুব রাঠীর নিশানায় এ বার প্রিয়ঙ্কা চোপড়া! সম্প্রতি অস্কার পুরস্কারের মঞ্চে একটি বিভাগের পুরস্কার ঘোষণার জন্য প্রিয়ঙ্কার সঙ্গে উপস্থিত ছিলেন অভিনেতা হাভিয়ে বারদেম। তিনি মুক্ত প্যালেস্তাইনের বার্তা দিয়েছিলেন। পাশে দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে মাথা নেড়ে সায় দিয়েছিলেন প্রিয়ঙ্কা। কিন্তু প্রিয়ঙ্কার সে দিনের সেই সম্মতিসূচক অভিব্যক্তি দেখে এ বার তাঁর বিরুদ্ধে তোপ দাগলেন ধ্রুব রাঠী।

Advertisement

প্রিয়ঙ্কাকে ‘স্বার্থপর’ ও ‘ভীতু’ বলেও কটাক্ষ করেছেন ধ্রুব রাঠী। তিনি বলেছেন, “প্রিয়ঙ্কার প্রতিক্রিয়া দেখে আপনারা বলতেই পারেন, ‘কী এমন হয়েছে? উনি তো চুপ থেকেছেন এবং কোনও পক্ষও নেননি।’ এখানেই তো সমস্যা। নিজে এমন জায়গায় রয়েছেন বলেই কোনও পক্ষ নিতে হচ্ছে না।”

প্রিয়ঙ্কা মঞ্চে সেই দিন শুধু মাথা নেড়েছিলেন। মুখে কিছু বলেননি। তাই তাঁর প্রতি ক্ষোভ উগরে দিয়ে ধ্রুব বলেন, “আপনারা প্রিয়ঙ্কার প্রতিক্রিয়াটা শুধু দেখুন। নিজের বাড়ির উপর বোমা না পড়লে এমন ভাবে পক্ষ না নিয়ে থাকা যায়। এটা আসলে মানবিকতার বিষয়। বহু হলিউড তারকা কিন্তু যুদ্ধের বিরুদ্ধে কথা বলছেন। যেটা ঠিক সেটাই সমর্থন করছেন।”

এর পরেই বলিউডের তারকাদের প্রতি ক্ষোভপ্রকাশ করেন নেটপ্রভাবী। তাঁর কথায়, “বহু বলিউড তারকা অতিরিক্ত সতর্ক থাকেন। একটা সহজ নৈতিক সিদ্ধান্ত নেওয়ার আগেও তাঁরা হাজার বার ভাবতে থাকেন। বেশির ভাগ বলিউড তারকাই ভীতু ও স্বার্থপর। ওঁরা ভাবেন, কিছু মন্তব্য করলে ক্ষমতায় বসে থাকা ব্যক্তিদের সঙ্গে পাছে সম্পর্ক খারাপ হয়ে যায়।” নিজেদের সুবিধা-অসুবিধার কথা ভেবে গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও কোনও মতামত প্রকাশ করেন না বলিউডের তারকারা, এই দাবি ধ্রুবের। তবে এই প্রসঙ্গে এখনও নীরব প্রিয়ঙ্কা। এখনও পর্যন্ত নীরব বলিউডও।

Advertisement
আরও পড়ুন