Dhurandhar Singer Concert

প্রকাশ্যে পুরুষ শ্রোতাদের হেনস্থার শিকার অনুরাগিণী! প্রতিবাদে মুখর ‘ধুরন্ধর’ গায়িকা জ্যাসমীন, কী পদক্ষেপ করলেন?

তিনিও নারী। তাই নারীদের হেনস্থা সহ্য করেননি। উল্টে কড়া পদক্ষেপ করলেন। সেই সঙ্গে কী ঘোষণা করলেন?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:০৭
কী পদক্ষেপ করলেন জ্যাসমীন?

কী পদক্ষেপ করলেন জ্যাসমীন? ছবি: সংগৃহীত।

দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে ‘ধুরন্ধর’ গায়িকা জ্যাসমীন স্যান্ডলসের গানের অনুষ্ঠান শুনতে এসেছিলেন মহিলা অনুরাগীরাও। অনুষ্ঠান চলাকালীন আচমকা হেনস্থার শিকার তাঁরা। ঘটনা চোখ এড়ায়নি জ্যাসমীনের। প্রতিবাদ জানিয়ে সঙ্গে সঙ্গে গান থামিয়ে দেন তিনি। ছড়িয়ে পড়েছে সেই মুহূর্তের ভিডিয়ো। তার পরে?

Advertisement

যে ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সেখানে দেখা গিয়েছে, মঞ্চ থেকে নিরাপত্তারক্ষীদের নির্দেশ দিচ্ছেন জ্যাসমীন। বলছেন, “যেখানে নারীরা সুরক্ষিত নয়, সেখানে অনুষ্ঠান করি না।” এর পরেই অনুষ্ঠানে সাময়িক বিরতি টানেন তিনি। শিল্পীর এই পদক্ষেপ ইতিমধ্যেই ভাইরাল। প্রশংসায় পঞ্চমুখ সকলে।

প্রকৃত ঘটনা কী? অনুষ্ঠান চলাকালীন নাকি দুই যুবক আশপাশের মহিলাদের হেনস্থা করতে শুরু করেন। ওই ঘটনা চোখে পড়ে গায়িকার। তিনি প্রতিবাদ জানাতেই তৎপর হয়ে ওঠেন নিরাপত্তারক্ষীরা। গায়িকার হস্তক্ষেপে অনুষ্ঠান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় অভিযুক্ত ওই দুই যুবককে। এর পরে আবার অনুষ্ঠান শুরু করেন গায়িকা।

সম্প্রতি ‘ধুরন্ধর’ ছবির ‘শরারত’ গানে শোনা গিয়েছে জ্যাসমীন ও মধুবন্তী বাগচীর কণ্ঠ। এ দিনের অনুষ্ঠানে সেই গানও শোনান জ্যাসমীন। মঞ্চে উপস্থিত ছিলেন অভিনেত্রী আয়েশা খানও। ছবিতে তাঁর নাচ ঝড় তুলেছিল। অনুষ্ঠানে তাঁর উপস্থিতি আলাদা মাত্রা যোগ করে। অনুষ্ঠানশেষে দিল্লির দর্শক-শ্রোতাদের আন্তরিক ধন্যবাদ জানান দুই শিল্পী।

Advertisement
আরও পড়ুন