(বাঁ দিক থেকে) আমির খান, ইভা গ্রোভার, হায়দার আলি। ছবি: সংগৃহীত।
এই মুহূর্তে আমির খানের তৃতীয় বিয়ে নিয়ে আলোচনা সারা দেশ জুড়ে। ষাটে পৌঁছে ফের বিয়ে করায় সমালোচিত হচ্ছেন আমির। যদিও তাঁর এই সিদ্ধান্তে আমিরের পাশে দাঁড়িয়েছেন অনেকে। এ বার আমিরের সৎভাই হায়দর আলি খানের সঙ্গে বৈবাহিক জীবনের অভিজ্ঞতা জানালেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ইভা গ্রোভার।
বিয়ের আগে মাত্র ১৮ দিনের আলাপ-পরিচয়, তাতেই হায়দরকে বিয়ে করতে রাজি হয়ে যান ইভা। সেই সময় ইভার কেরিয়ার একেবারে তুঙ্গে। একের পর এক হিট্ ধারাবাহিকে কাজ করছেন তিনি। সেই সময় হায়দরের প্রেমে পড়েন তিনি। অভিনেত্রীর মা আপত্তি জানিয়েছিলেন, তবে কথা শোনেননি ইভা। অভিনেত্রীর কথায়, ‘‘ মাত্র ১৮ দিনের প্রেম, মানুষটাকে ভাল করে চেনা-জানার আগে বিয়ে করে ফেলি। প্রেমের ১৯তম দিনে আমি ওর সঙ্গে পালিয়ে যাই। সেই আমার কেরিয়ার ঊর্ধ্বমুখী। আমাদের ধর্মও আলাদা। কিন্তু সে সব না ভেবেই বিয়ে করে ফেলি।’’
বিয়ে নিয়ে তখন নতুন স্বপ্ন দেখছিলেন ইভা। কিন্তু বিয়ের পর যেন মোহভঙ্গ হল। হায়দর নাকি কথায় কথায় রেগে যেতেন। এবং তার পর শুরু হত শারীরিক অত্যাচার। ইভা বলেন, ‘‘আমি মাত্র কয়েক মাসের মধ্যে বুঝে যাই, ও কথায় কথায় রেগে যায়। আমি এমন রাগ আগে দেখিনি। রেগে গেলেই মারধর শুরু হত। আমার মেয়ের জন্মের পর আর সহ্য করতে পারিনি। ওর জন্মের মাস কয়েকের মধ্যেই সিদ্ধান্ত নিয়েছিলাম বেরিয়ে আসার।’’ ইভা জানান, সিদ্ধান্ত নিলেও সাহস পাচ্ছিলেন না। তাঁর এক সহকর্মী সাহস জোগান এবং তাঁর মায়ের সঙ্গে কথা বলেন। শেষমেশ মা মেয়েকে বাড়ি ফিরিয়ে আনেন।