Michael Jackson

কড়া আলো পছন্দ ছিল না মাইকেলের, পপতারকার সঙ্গে প্রথম বার সাক্ষাতে কী কথা হয়েছিল ফরাহ খানের?

সারাজীবন মাইকেলকে নিজের আর্দশ বলেই ভেবে এসেছেন ফরাহ। তাঁর সঙ্গে যে কখনও সাক্ষাৎ হবে তা ছিল স্বপ্নাতীত। কিন্তু দেখা হওয়ার পর কী কথা হয় তাঁদের?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ জুন ২০২৬ ২১:৩৯
(বাঁ দিকে) ফরাহ খান , (ডান ডিকে) মাইকেল জ্যাকসন।

(বাঁ দিকে) ফরাহ খান , (ডান ডিকে) মাইকেল জ্যাকসন। ছবি: সংগৃহীত।

প্রয়াত পপতারকা মাইকেল জ্যাকসনের প্রতি নিজের মুগ্ধতার কথা বার বার স্বীকার করেছেন নৃত্যগুরু ফরাহ খান। সম্প্রতি নিজের ভ্লগে তিনি মাইকেলের সঙ্গে প্রথম বার সাক্ষাতের সেই মুহূর্তের কথা ভাগ করে নেন ফরাহ।

Advertisement

সারাজীবন মাইকেলকে নিজের আর্দশ বলেই ভেবে এসেছেন ফরাহ। তাঁর সঙ্গে যে কখনও সাক্ষাৎ হবে, তা ছিল স্বপ্নাতীত। একটি অনুষ্ঠানে ফরাহ নৃত্যগুরুর কাজ করেছিলেন। সেই অনুষ্ঠানে পারফর্ম করেন শাহরুখ খান ও ঐশ্বর্যা রাইরা। সেই অনুষ্ঠানের স্পনসররা নাকি ফরাহকে জানান, প্রধান অতিথি হিসাবে আসতে পারেন মাইকেল জ্যাকসন। সেই সময় ফরাহ ছিলেন উইংসয়ে আর কিছুক্ষণের মধ্যে মঞ্চে শাহরুখ উঠবেন অনুষ্ঠান শুরু হবে বলে। কিন্তু ফরাহ যেই শোনেন মাইকেল আসছেন, সব কিছু ছেড়ে ছুড়ে মাইকেলের সঙ্গে দেখা করতে ছোটেন বলেই জানান ফরাহ।

মাইকেলের সঙ্গে সাক্ষাতের সেই মুহূর্তের স্মৃতিচারণা করতে গিয়ে এখনও শিহরিত হন ফরাহ। তাঁর কথায়, ‘‘আমাকে যখন মাইকেলের ঘরে নিয়ে যাওয়া হল তখন ঘরটা অন্ধকার। কারণ তিনি কড়া আলো পছন্দ করতেন না। তিনি আবছা আলোর নীচে বসেছিলেন, আর এই কথা বলতে গিয়েও আমার এখনও গায়ে কাঁটা দিচ্ছে। এত মৃদুভাষী! তিনি আমাকে জিজ্ঞেস করলেন, ‘তোমার নাম কী?’ আর আমি বললাম ফরাহ খান। আমাকে বললেন, ‘কী শক্তিশালী একটা নাম’, ততক্ষণে আমি স্থির হয়ে দাঁড়িয়ে তাঁর সঙ্গে একটি ছবি তুলি এবং পরে স্পনসরদের নামগুলো ক্রপ করে বাদ দিয়ে দিই।’’

এই বছরের শুরুতে, যখন মাইকেল জ্যাকসনের জীবনীচিত্র প্রেক্ষাগৃহে মুক্তি পায় এবং সমালোচকদের কাছ থেকে নেতিবাচক প্রতিক্রিয়া আসে, তখন ফরাহ দর্শকদের ছবিটি দেখার জন্য উৎসাহিত করেন। সমাজমাধ্যমে মাইকেলের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘‘একটি বিষয় মনে রাখবেন... সব দেশের সমালোচকেরাই নির্বোধ! যান, মাইকেলকে দেখুন। জাফর জ্যাকসনকে অস্কারটা দিন।’’

প্রসঙ্গত, ‘মাইকেল’ নিয়ে দর্শকমহলে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও ছবিটি একটা অংশের দর্শকদের মনোরঞ্জন করেছে বলেই খবর। যদিও দর্শকের একাংশের দাবি, ছবিটি মাইকেলের জীবনের উপরে নতুন কোনও আলো ফেলতে পারেনি। যোগ করতে পারেনি নতুন কোনও তথ্যও। তাঁদের মতে, এই ছবিটি প্রয়াত গায়কের ‘কলঙ্কিত’ ভাবমূর্তি ধামাচাপা দেওয়ার একটি প্রচেষ্টা মাত্র। একই ভাবে দর্শক প্রশংসা করেছেন জাফর জ্যাকসনের। জাফরও মাইকেলের ভাইপো। কাকার সঙ্গে চেহারায় প্রচুর মিল থাকায় প্রয়াত গায়কের ভূমিকায় তিনিই অভিনয় করেছেন।

Advertisement
আরও পড়ুন