O Romeo

নিষিদ্ধ করা হোক ‘ও রোমিয়ো’! বড় অভিযোগ নিয়ে ‘গ্যাংস্টার’ হুসেন উস্তরার কন্যা আদালতের দ্বারস্থ

সনোবরের দাবি, তাঁর বাবার চরিত্রকে সম্পূর্ণ ভুল ভাবে তুলে ধরা হয়েছে এই ছবিতে। কোনও অনুমতি ছাড়াই তাঁর বাবার জীবনীচিত্র তৈরি করা হয়েছে বলেও দাবি তাঁর।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ১২:২৩
‘ও রোমিয়ো’র বিরুদ্ধে বড় অভিযোগ!

‘ও রোমিয়ো’র বিরুদ্ধে বড় অভিযোগ! ছবি: সংগৃহীত।

শাহিদ কপূরের ‘ও রোমিয়ো’র ঝলক ও গান সাড়া ফেলেছে। এই ছবিতে নাকি গ্যাংস্টার হুসেন উস্তরার চরিত্রে অভিনয় করবেন তিনি। আর এই নিয়েই প্রথম থেকে আপত্তি জানাচ্ছেন হুসেনের কন্যা সনোবর শেখ। এ বার শাহিদ অভিনীত এই ছবির উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞার দাবি করলেন তিনি। বিষয়টি নিয়ে মুম্বই আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।

Advertisement

সনোবরের দাবি, তাঁর বাবার চরিত্রকে সম্পূর্ণ ভুল ভাবে তুলে ধরা হয়েছে এই ছবিতে। কোনও অনুমতি ছাড়াই তাঁর বাবার জীবনীচিত্র তৈরি করা হয়েছে বলেও দাবি তাঁর। আদালতের কাছে আবেদনে হুসেন-কন্যা জানিয়েছেন, প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা ও পরিচালক বিশাল ভরদ্বাজ এই ছবি তৈরি করেছেন তাঁদের থেকে কোনও অনুমতি না নিয়েই। আর্থিক দিক থেকে লাভ করার জন্যই অনুমতি ছাড়া এই বায়োপিক তৈরি হচ্ছে বলে দাবি তাঁর।

এই ছবিতে হুসেন উস্তরাকে গ্যাংস্টার হিসাবে দেখানো হয়েছে। যার জেরে পরিবার ও বাচ্চাদের উপর কুপ্রভাব পড়তে পারে বলে দাবি করেছেন সনোবর। তিনি বলেছেন, “এই ছবি যে ভাবে দেখানো হবে, তা গুরুতর ভাবে পরিবারের সদস্যদের উপর প্রভাব ফেলতে পারে।” একসময় মুম্বইয়ে অপরাধ রুখতে পুলিশকে নিয়মিত সাহায্য করেছিলেন হুসেন উস্তারা, অথচ তাঁকে নেতিবাচক ভঙ্গিতে দেখানো হচ্ছে, এই বলে ক্ষোভপ্রকাশ করেছেন সানোবর।

গত মাসেও ছবির নির্মাতাদের একটি আইনি নোটিস পাঠিয়েছিলেন হুসেন-কন্যা। নির্মাতাদের থেকে ২ কোটি টাকার ক্ষতিপূরণও দাবি করেছিলেন তিনি। এক সাক্ষাৎকারে সনোবর বলেছিলেন, “‘ও রোমিয়ো’ আমার বাবাকে নিয়ে তৈরি। ঝলকেই বলা হয়েছে, ছবিটি সত্য ঘটনা অবলম্বনে। আমি নির্মাতাদের কাছে জানতে চাই, কার জীবনের গল্প দেখাবেন? আমার বাবা তো গ্যাংস্টার ছিলেন না। হুসেন উস্তরা বহু মানুষকে সাহায্য করেছিলেন। বরং গ্যাংস্টারদের দূর করে শহরটা পরিষ্কার করতে চেয়েছিলেন। উনি অপরাধী ছিলেন না। কোনও রেকর্ডই পাবেন না। ওঁকে যে ভাবে দেখানো হচ্ছে ছবিতে, ওটা নিয়েই আমার সমস্যা।”

সত্যিই অনুমতি নেননি ছবির প্রযোজক ও পরিচালক? এই প্রসঙ্গে বিশাল ভরদ্বাজ জানান, তাঁরা অনুমতি নেওয়ার প্রয়োজন বোধ করেননি কারণ ছবিটি ‘মাফিয়া কুইন্‌স অফ মুম্বই’ নামে একটি বইয়ের উপর ভিত্তি করে তৈরি। বইটি হুসেন জ়ৈদির লেখা। তিনি বইটি লেখার আগে অবশ্যই অনুমতি নিয়েছিলেন, এমনই দাবি পরিচালকের।

Advertisement
আরও পড়ুন