New Hindi Film Of Soham

বাংলা ছবির পর বলিউডের ভূতের ছবিতে সোহম! পর্দাভাগ করবেন ‘সইয়ারা’ নায়িকা অনীতের সঙ্গে?

খবর, ম্যাডক প্রযোজনা সংস্থার ছবিতে দেখা যাবে সোহমকে। কোন ভূমিকায় দেখা যাবে তাঁকে?

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১২ মার্চ ২০২৬ ১১:০১
সোহম মজুমদার, অনীত পড্ডা একসঙ্গে অভিনয় করছেন?

সোহম মজুমদার, অনীত পড্ডা একসঙ্গে অভিনয় করছেন? ছবি: ফেসবুক।

বছরের গোড়াতেই মুক্তি পেয়েছে সোহম মজুমদারের ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’। ছবিতে তিনি মিমি চক্রবর্তীর নায়ক! ভূতের গল্প হলেও তিনি ভূত নন, দর্শক জেনে গিয়েছেন এত দিনে। খবর, বাংলার পর বলিউডি ভূতের ছবিতেও এ বার দেখা যাবে সোহমকে।

Advertisement

চমকের আরও বাকি। চলতি বছরের শেষে মুক্তি পাবে ম্যাডক ফিল্মসের হরর- কমেডি ঘরানার ছবি ‘শক্তিশালিনী’। ছবির মুখ্য আকর্ষণ ‘সইয়ারা’ ছবির নায়িকা অনীত পদ্দা। তাঁকে ঘিরে থাকবেন সীমা বিশ্বাস, বিশাল জেঠওয়া, বিনীত কুমার সিংহ, নানা পটেকর বা আশুতোষ রানা এবং সোহম। পরিচালনায় আদিত্য সরপোতদার। ছবির শুটিং শুরু হবে এই মাসেই। সোহম এই মুহূর্তে ব্যস্ত সুচন্দ্রা এক্স বানিয়া-র আগামী ছবি ‘পরবর্তী স্টেশন বেগুনকোদর’-এর শুটিংয়ে। সেই কাজ সেরে তিনি পৌঁছে যাবেন মুম্বই। সম্ভবত আগামী মাস থেকে শুরু করবেন শুটিং।

সোহম এর আগেও একাধিক হিন্দি ছবি এবং সিরিজ় করেছেন। তাঁর প্রথম হিন্দি কাজ বলিউডের বহু আলোচিত ছবি ‘কবীর সিংহ’। ছবিতে তিনি শাহিদ কপূর, কিয়ারা আডবাণীর সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। এ ছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে ‘ধমাকা’, ‘হোমকামিং’, ‘রংবাজ’, ‘গুড ব্যাড গার্ল’, ‘সজিনী শিন্ডে কি ভাইরাল ভিডিয়ো’, ‘পিপ্পা’, ‘দুকান’, ‘সিটাডেল: হনি বানি’, ‘স্কাই ফোর্স’। ‘শক্তি শালিনী’তে সোহমকে কোন ভূমিকায় দেখা যাবে? আপাতত সেটাই জানতে উৎসুক সবাই।

Advertisement
আরও পড়ুন