তৃষার সঙ্গে প্রেমের গুঞ্জনের মাঝে বিজয়কে নিয়ে কী বললেন জেসন? ছবি: সংগৃহীত।
পরকীয়ার জেরেই নাকি ভাঙতে চলেছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তলপতি বিজয়ের বিয়ে। এমনই খবরে ছয়লাপ সংবাদমাধ্যম। বিজয়ের আলোচিত প্রেমিকা তৃষা কৃষ্ণন অভিনেতার সঙ্গে একটি ছবি সমাজমাধ্যমে দিতেই গুঞ্জন বেড়েছে। বিজয়ের স্ত্রী সঙ্গীতা সোর্নালিঙ্গম বিচ্ছেদ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। এ দিকে, সমাজমাধ্যমে বাবাকে ফলো করা বন্ধ করে দিয়েছেন বিজয় তলপতির ছেলে জসন সঞ্জয়। নিজের নামের পাশ থেকে সরিয়ে ফেলেছেন বাবার নামও। তার পরই প্রশ্ন উঠছে, সঞ্জয় কি বিব্রত?
এরই মধ্যে সম্প্রতি তলপতি-পুত্র জেসনের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে জেসন তাঁর অপহরণের ঘ়টনার বিবরণ দিচ্ছেন। তিনি জানান, খুব ছোটবেলায় এক দিন স্কুল ছুটির পর বাবার জন্য অপেক্ষা করছিলেন। এমন সময় একটি গাড়ি এসে তাঁকে তুলে নেয়। কান্নাকাটি করতে শুরু করেন। জেসনের কথায়, ‘‘আমি ভেবেছিলাম আমাকে অপহরণ করা হয়েছে। কিন্তু যিনি আমাকে গাড়িতে তুলে নেন, তিনি আমারই বন্ধুর বাবা। আবার আমার বাবার অনুরাগী। বাবা স্কুলে আমাকে নিতে এলে কখনওই গাড়ি থেকে নামতেন না। তাই আমাকে নিজের গাড়িতে তুলে বাবাকে একবার দেখতে চেয়েছিলেন আমার সহপাঠীর বাবা।’’ জেসন জানান, সে দিন ওই সহপাঠীর বাবাই তাঁকে বাড়ি পৌঁছে দেন। যদিও তিনি খুব ভয় পেয়ে গিয়েছিলেন।
তবে বর্তমানে পরিবারের সঙ্গে দূরত্ব বেড়েছে তলপতির। বিজয় মনোয়ন জমা দেওয়ার পর তাঁর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনে বিবাহবিচ্ছেদের মামলা করেন তাঁর স্ত্রী সঙ্গীতা। ১৯৯৯ সালের ২৫ অগস্ট সাতপাকে বাঁধা পড়েছিলেন বিজয়-সঙ্গীতা। ধীরে ধীরে সম্পর্কের অবনতি ঘটতে থাকে। ২০২৩ সালে সম্পর্ক যেন আরও খারাপ হয়। এখন বিবাহবিচ্ছেদের অপেক্ষায় একদা আলোচিত তারকাদম্পতি। এরই মাঝে নিজের নামের পাশ থেকে বিজয় নামটি সরিয়েছেন তাঁর পুত্র। এত দিন তলপতির পুত্র নিজেকে ‘জেসন সঞ্জয় ভি’ নামে পরিচয় দিতেন। কিন্তু, পর পর কিছু ঘটনার পর জেসন নামের পাশ থেকে বাবার নামের আদ্যক্ষর ‘ভি’ সরিয়ে করলেন ‘এস’। যা তাঁর মায়ের নামের আদ্যক্ষর।