জয়ার সঙ্গে মিষ্টি মুহূর্তে ফ্রেমবন্দি কর্ণ জোহর। ছবি: সংগৃহীত।
কিছু দিন আগে প্রকাশ্যে ছবিশিকারিদের প্রতি বিরক্তি উগরে দিয়েছিলেন প্রবীণ অভিনেত্রী জয়া বচ্চন। তিনি জানিয়েছিলেন, পাপারাৎজ়িরা মিডিয়ার নামে কলঙ্ক। তার পরে আলোকচিত্রীদের একাংশ অভিনেত্রীকে বয়কটের রব তোলে। সেই সব ঝামেলা এখন অতীত। এ বার কর্ণ জোহরের সঙ্গে বিশেষ মুহূর্তে ফ্রেমবন্দি অভিনেত্রী জয়া।
তবে এ বারে অবশ্য জয়ার ক্রোধের শিকার হননি কেউই। বরং কর্ণের সঙ্গে হাসিখুশি মেজাজে গল্প করতে দেখা গেল তাঁকে। জয়াকে দেখে জড়িয়ে ধরলেন পরিচালক। আর পুত্রসম কর্ণকে গাল টিপে আদর করে দিলেন জয়া। সবটাই বন্দি থাকল ক্যামেরায়। কিন্তু সেই দিন কাউকে চোখ রাঙাননি জয়া। বরং কোনও দিকে না তাকিয়ে, কর্ণের সঙ্গে গল্প করে গিয়েছেন।
তবে ক্যামেরার সামনে কোনও ভাবেই পোজ় দেননি বর্ষীয়ান অভিনেত্রী। এই সবকিছুর কৃতিত্ব নাকি শুধুই কর্ণের, এমনই দাবি করেন পরিচালক। তিনি বলেন, “আমি ছিলাম বলেই ছবি তোলা গেল। সবটা আমিই করিয়ে দিয়েছি।” নয়তো শুধু ছবিশিকারিরাই নন, যদি কোনও অনুরাগীও একটি ছবি তোলার অনুরোধ জানান জয়াকে, তিনি প্রত্যাখ্যান করেন। এমনকি খারাপ ব্যবহার করতেও ছাড়েননি। তাই অভিনেত্রীর পরিবর্তিত ব্যবহারে খুবই অবাক সবাই।