Mahi Vij

বিয়ের ১৫ বছরের মাথায় বিচ্ছেদ, তিন সন্তানের বাবা-মা, বর্তমানে জয়ের সঙ্গে কেমন সম্পর্ক মাহীর?

জয়ের বাড়ি ছাড়ার পরে বাবার বাড়িতে ওঠেন মাহী। যদিও এর মাসখানেকের মধ্যেই নিজের জন্য নতুন বাড়ির বন্দোবস্ত করে নেন অভিনেত্রী। বর্তমানে জয়ের সঙ্গে কেমন সম্পর্ক তাঁর?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ জুন ২০২৬ ১৮:৪৪
জয়ের সঙ্গে বিচ্ছেদ হয়েছে মাস ছয়েক হল, কেমন সম্পর্ক তাঁদের  মুখ খুললেন মাহী?

জয়ের সঙ্গে বিচ্ছেদ হয়েছে মাস ছয়েক হল, কেমন সম্পর্ক তাঁদের মুখ খুললেন মাহী? ছবি: সংগৃহীত।

হিন্দি টেলিভিশনের অন্যতম আলোচিত তারকাদম্পতি জয় ভানুশালী ও মাহী বিজ। প্রায় ১৫ বছরের দাম্পত্যজীবন তাঁদের। চলতি বছরের শুরুতে সেই দাম্পত্যেই ইতি টেনেছেন তাঁরা। ২০১১ সালের ১১ নভেম্বর গাঁটছড়া বেঁধেছিলেন জয় ও মাহী। ২০১৭ সালে খুশি ও রাজবীর নামে দুই সন্তানকে দত্তক নেন। এর পরে ২০১৯ সালে এক কন্যাসন্তানের জন্ম দিয়েছিলেন মাহী ও জয়। ‘বিগ বস্‌’-এর ঘরে একাধিক বার কন্যা তারার কথা বলেছেন জয়। বিচ্ছেদের পরে সেই কন্যাসন্তান থাকেন মাহীর সঙ্গে। তবে বিচ্ছেদ হয়েছে মানেই যে, স্বামী-স্ত্রীর মুখ দেখাদেখি বন্ধ— তেমনটা নয়।

Advertisement

জয়ের বাড়ি ছাড়ার পরে বাবার বাড়িতে ওঠেন মাহী। যদিও এর মাসখানেকের মধ্যেই নিজের জন্য নতুন বাড়ির বন্দোবস্ত করে নেন অভিনেত্রী। তবে একটা জিনিস মাহী জানান, তাঁর পরিবারের তরফ থেকে তাঁদের সিদ্ধান্তের বিরুদ্ধে কোনও রকম প্রশ্ন করা হয়নি। মাহী জানান, সময় কারও সব সময় ভাল যায় না। তবে কঠিন সময়ে তিনি তাঁর পরিবারকে পাশে পেয়েছেন। মাহীর কথায়, ‘‘এমন সময়ে আমার বাবা যে ভাবে আমার পাশে ছিলেন, সেটা অনেক বড় পাওয়া।’’

যদিও বিচ্ছেদের সময় তিনি বার বার জানান যে, তাঁর সঙ্গে জয়ের বন্ধুত্ব থাকবে অটুট। মাহী এ বার বলেন, ‘‘বিচ্ছেদের পরে জয় আমার প্রিয় বন্ধু হয়ে উঠতে পেরেছে। আমরা একটা পরিবারের মতো একে অপরের সঙ্গে জুড়ে থাকি প্রতিটা সময়। আমার বাবা ওঁর বাড়ি যান, একসঙ্গে চা খান ওঁরা। সকলের সঙ্গে সবার সুসম্পর্ক রয়েছে। তবে আমাদের বিচ্ছেদের সময়ে মনে হত, কেউ যেন কোনও প্রশ্ন না করে! সারা ক্ষণ চুপচাপ বসে থাকতে ইচ্ছা করত।’’ বিবাহবিচ্ছেদের প্রভাব যাতে কোনও ভাবেই তিন সন্তানের উপর না পড়ে, সেই দিকে খেয়াল রাখবেন তাঁরা, জানান জয় ও মাহী।

যদিও তাঁদের বিচ্ছেদের পরে এক বন্ধু নাদিমের সঙ্গে ছবি দিতেই কটাক্ষের শিকার হতে হয় মাহীকে। পোস্টে তিনি লিখেছিলেন, “আমরা প্রিয় বন্ধু। নাদিম-মাহী কোনও দিন আলাদা হবে না।” একই সঙ্গে উল্লেখ করেন, তাঁর সন্তানেরা নাদিমকে ‘আব্বা’ সম্বোধন করে। ব্যস, সঙ্গে সঙ্গে নীতিপুলিশিতে সরব নেটাগরিকেরা। নানা কুমন্তব্যে ভরে যায় তাঁর পোস্ট। নাদিম-মাহীকে নিয়ে দীর্ঘ সমালোচনা চলে। সেই সময়ে মাহী বলেন, ‘‘নাদিম আমার অন্যতম সেরা বন্ধু। আজীবন সেটাই থাকবে। যাঁরা আমাদের চেনেন, তাঁরা এ সব বিষয়ে পাত্তা দেন না। আসলে বিচ্ছেদের পরে লোকে কাদা ছোড়াছুড়ি দেখতে চান। আমাদের ক্ষেত্রে তো তেমন কিছু হয়নি।’’

জয় ও মাহীর প্রথম দেখা হয়েছিল এক বন্ধুর পার্টিতে। তার পরে বেশ কিছু দিন যোগাযোগ ছিল না তাঁদের। বছরখানেক পরে একটি নাইটক্লাবে আবার দেখা হয় তাঁদের। এর পরেই ঘনিষ্ঠতা বাড়ে। বয়সে দুই বছরের বড় মাহীর প্রেমে পড়েন জয়। মাহীই নাকি ছিলেন জয়ের প্রথম বান্ধবী। জানা যায়, ২০০৯ সালের ৩১ ডিসেম্বর টেলি-অভিনেত্রী মাহীকে বিয়ের প্রস্তাব দেন অভিনেতা-উপস্থাপক জয়। তার পরে প্রায় চুপিসারেই বিয়ে করেন তাঁরা।

Advertisement
আরও পড়ুন