Alka Yagnik

‘অলকা কি অসুস্থ’? পদ্মভূষণ সম্মান গ্রহণ করতে গিয়ে গায়িকাকে দেখে প্রশ্ন অনুরাগীদের?

চলতি বছর পদ্মভূষণ সম্মানে তাঁর নাম ঘোষিত হয়। মঙ্গলবার রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার গ্রহণ করেন গায়িকা। কিন্তু তাঁর শারীরিক সুস্থতা নিয়ে প্রশ্ন উঠছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ জুন ২০২৬ ২১:২৭
অলকা যাজ্ঞিক।

অলকা যাজ্ঞিক। ছবি: সংগৃহীত।

একসময় বলিউডে তিনি রাজত্ব করেছেন। প্রায় চার দশক ধরে বলিউডের ছবিতে অগণিত নায়িকার কণ্ঠে তাঁর গান শুনেছেন মানুষ। কিন্তু ২০২৪ সালে তাঁর কণ্ঠ হঠাৎ থমকে যায়। নিজেই ঘোষণা করেছিলেন গায়িকা অলকা যাজ্ঞিক। জানিয়েছিলেন তিনি শ্রবণশক্তি হারিয়েছেন। যার জেরে সঙ্গীতজগৎ থেকে দূরে সরে যান তিনি। চলতি বছর পদ্মভূষণ সম্মানে তাঁর নাম ঘোষিত হয়। মঙ্গলবার রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার গ্রহণ করেন গায়িকা। কিন্তু তাঁর শারীরিক সুস্থতা নিয়ে প্রশ্ন উঠছে।

Advertisement

সম্মান গ্রহণের জন্য নাম ঘোষণা হওয়ার পরে নিজের আসন ছেড়ে ধীরে ধীরে মঞ্চের দিকে এগিয়ে আসেন তার পর সটান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পা ছুঁয়ে প্রণাম করেন। তার পরই দেখা যায়, অলকাকে ধরে ধরে নিয়ে যান নিরাপত্তারক্ষীরা। সেটা দেখে অনুাগীদের প্রশ্ন ‘ অলকা কি শারীরিক ভাবে সুস্থ’? শুধু তা-ই নয় কেউ কেউ উদ্বেগ প্রকাশ করে লেখেন, ‘‘ওঁর শ্রবণশক্তিতে সমস্যা কি গুরুতর আকার ধারণ করল?’’

পদ্মভূষণ গ্রহণ করলেন অলকা।

পদ্মভূষণ গ্রহণ করলেন অলকা।

যদিও এ বিষয়ে নিশ্চিত কোনও তথ্য মেলেনি। তবে ২০২৪ সালে একটি বিবৃতির মাধ্যমে বর্ষীয়ান গায়িকা লিখেছিলেন, “কয়েক সপ্তাহ আগে বিমান থেকে নামার সময়ে মনে হয়, আমি কানে কিছুই শুনতে পাচ্ছি না। তার পর চিকিৎসকের পরামর্শ নিয়ে জানতে পারি, ভাইরাসের আক্রমণের কারণে একটি বিরল স্নায়ুর সমস্যায় ভুগছি। এই সমস্যার কারণে আমার শ্রবণশক্তি হ্রাস পেয়েছে। এটা আমার কাছে বড় ধাক্কা। আমি সমস্যাটির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। দয়া করে আপনারা আমার জন্য প্রার্থনা করুন।’’ মূলত স্নায়ুর সমস্যার কারণেই গত কয়েক বছর ধরেই প্লেব্যাক থেকে দূরে তিনি। গায়িকা আগেও জানিয়েছিলেন, তাঁর শারীরিক অবস্থার তেমন কোনও উন্নতি হয়নি। যার ফলে তিনি কাজেও ফিরতে পারছেন না। বহু গীতিকার ও সুরকারও প্রায়শই গানের প্রস্তাব দেন অলকাকে। তবে সেই সব প্রস্তাব ফিরিয়ে দিতে হয় তাঁকে। কারণ, এখনও পর্যন্ত গাইতে পারছেন না তিনি। কবে ফিরবেন কাজে, তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন গায়িকা।

Advertisement
আরও পড়ুন