New OTT Releases

অবশেষে অনুরাগ কাশ্যপের ‘কেনেডি’ মুক্তির পথে! নতুন রূপে কৌশানীও, ওটিটি-তে আর কী কী চমক?

দর্শককে মাতিয়ে রাখতে ওটিটি-তে সাজানো রয়েছে নানা স্বাদের ছবি ও সিরিজ়। আগামী কয়েক দিনে কী কী দেখা যাবে ওটিটি-তে?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৫
ওটিটি-তে নানা চমক।

ওটিটি-তে নানা চমক। ছবি: সংগৃহীত।

প্রেমের সপ্তাহ শেষ। উৎসবের মরসুমও মোটামুটি শেষের পথে। তবে ওটিটি-তে চমকের অভাব নেই। দর্শককে মাতিয়ে রাখতে ওটিটি-তে সাজানো রয়েছে নানা স্বাদের ছবি ও সিরিজ়। আগামী কয়েক দিনে কী কী দেখা যাবে ওটিটি-তে?

Advertisement

১) অনুরাগ কাশ্যপের বহু প্রতীক্ষীত ‘কেনেডি’ অবশেষে মুক্তি পেতে চলেছে। ছবিটি ২০২৩-এর। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও দেখানো হয়েছিল এই ছবি। কিন্তু মুক্তিতে বাধা ছিল এই ছবির। অবশেষে সব বাধা কাটিয়ে ২০ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ছবিটি। জ়ি ফাইভে মুক্তি পাবে এই থ্রিলার ঘরানার ছবি। অভিনয় করেছেন রাহুল ভট্ট, সানি লিওনি, মেঘা বর্মন, করিশ্মা মোদী।

২) ‘আদালত ও একটি মেয়ে’ সিরিজ়ে বাসবদত্তা চট্টোপাধ্যায়কে একেবারে নতুন ভূমিকায় দেখা যাবে। উকিলের চরিত্রে অভিনয় করেছেন তিনি। কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত এই সিরিজ় মুক্তি পাবে ২০ ফেব্রুয়ারি হইচই-তে। কৌশানী মুখোপাধ্যায়কে দেখা যাবে মুখ্য চরিত্রে। তিনি এক কর্পোরেট কর্মীর ভূমিকায় অভিনয় করেছেন। এই প্রথম কৌশানীকে ওটিটি সিরিজ়ে দেখা যাবে।

৩) ‘দ্য নাইট এজেন্ট’ (সিজ়ন ৩) সিরিজ়টি নিয়েও বহু দিন ধরেই অপেক্ষায় দর্শক। তৃতীয় সিজ়নে পিটার সাদারল্যান্ডকে (গ্যাব্রিয়েল বাসো) একটি আন্তর্জাতিক মিশনে যেতে দেখা যাবে। পিটারকে ইস্তানবুলে পাঠানো হয় একজন তরুণ এজেন্টকে খুঁজে বের করতে। এই তরুণ আসলে পিটারের বস-এর হত্যাকারী। সিরিজ়ে অভিনয় করেছেন গ্যাব্রিয়েল বাসো, লুই হারথাম, জেনিফার মরিসন। ১৯ ফেব্রুয়ারি এই সিরিজ় মুক্তি পাবে নেটফ্লিক্সে।

৪) ’৫৬ ডেজ়’ একটি প্রেমের গল্প। কিন্তু রয়েছে রহস্য-রোমাঞ্চও। এই ইরোটিক থ্রিলার নিয়েও দর্শকের আগ্রহ ছিল তুঙ্গে। সিয়ারা এবং অলিভারের একটি দোকানে হঠাৎ দেখা ও পরিচয়। তার পরে তারা দ্রুত গভীর প্রেমে পড়ে। অলিভারের প্রস্তাবে তারা একসঙ্গে থাকা শুরু করে। ৫৬ দিন পরে, অলিভারের অ্যাপার্টমেন্ট থেকে একটি পচাগলা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। কে খুনি? শুরু হয় তদন্ত। আমাজ়ন প্রাইম ভিডিয়োয় ১৮ ফেব্রুয়ারি মুক্তি পাবে এই সিরিজ়।

৫) ইতিহাস নির্ভর ছবি ‘দ্য সুইডিশ কানেকশন’ মুক্তি পাবে ১৯ ফেব্রুয়ারি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে এক সুইডিশ আমলা কী ভাবে ইহুদিদের জীবন রক্ষা করেছিলেন, তা উঠে আসবে এই ছবিতে। সুইডেন ও আমেরিকার মধ্যে অর্থনৈতিক যোগাযোগের বিষয়ও উঠে আসে ছবিতে। ছবিটি নেটফ্লিক্সে মুক্তি পাবে।

Advertisement
আরও পড়ুন