হলিউডে উপেক্ষিত প্রিয়ঙ্কা? ছবি: সংগৃহীত।
হলিউডে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া। কিন্তু আজও কি তাঁকে হলিউ়ড তারকারা সাদরে গ্রহণ করতে পেরেছেন? সম্প্রতি এক অনুষ্ঠানে প্রকাশ্যে দেশি গার্লকে উপেক্ষা করা হয়েছে বলে দাবিও করেছেন অনুরাগীরা।
কিছু দিন আগে মিলানের একটি বড় অনুষ্ঠানের ভিডিয়ো ভাইরাল হয় সমাজমাধ্যমে। সেই ভিডিয়োয় প্রিয়ঙ্কার সঙ্গে ব্রিটিশ গায়িকা ডুয়া লিপাকেও দেখা যায়। অনুষ্ঠানে ছিলেন হলিউড অভিনেত্রী অ্যানি হ্যাথওয়েও। কিন্তু নেটাগরিকের একাংশ দাবি করেন, গায়িকা ডুয়া লিপা নাকি প্রিয়ঙ্কাকে প্রকাশ্যে এড়িয়ে গিয়েছেন। এমন ভিডিয়োয় ছেয়ে গিয়েছে সমাজমাধ্যম।
একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, প্রিয়ঙ্কা কথা বলার চেষ্টা করছেন হলিউড তারকাদের সঙ্গে। কিন্তু কেউ নাকি সেই ভাবে তাঁকে গুরুত্ব দিচ্ছেন না। এই ভিডিয়ো দেখে নিন্দকদের কেউ কেউ বলেন, “প্রিয়ঙ্কাকে কেউ ওর ‘অওকাত’ মনে করিয়ে দাও। হলিউড ওকে পাত্তা দিচ্ছে না।” এই নিয়ে বিতর্ক বাড়তেই, এক নেটপ্রভাবী কড়া ভাষায় বিষয়টির সমালোচনা করেন। তাঁর বক্তব্য, প্রিয়ঙ্কার জনপ্রিয়তা ব্যবহার করে দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে, আবার তাঁকেই নেতিবাচক ভাবেও দেখানো হচ্ছে। নেটপ্রভাবীর এই বক্তব্যে সহমত প্রিয়াঙ্কা নিজেও। কারণ তিনিও সেই ভিডিয়োটি ‘লাইক’ করেছেন।
ভিডিয়োয় নেটপ্রভাবী বলেছেন, “যদি কোনও ভারতীয় বিদেশে গিয়ে সফল হন, তা হলে কি আমাদের তাঁকে সমর্থন করা উচিত নয়? কিন্তু আমরা বরং উল্টোটা করি। ভারতীয় ছবিশিকারিরা তাঁদের অ্যাকাউন্টের ‘ভিউ’ বৃদ্ধি করেন প্রিয়ঙ্কার ছবি ও ভিডিয়ো ব্যবহার করে। তার পর আবার তাঁরাই বলেন বিদেশে প্রিয়ঙ্কা গুরুত্ব পান না। উনি বিশ্ব জুড়ে পরিচিত এবং ভালবাসা পান। কিন্তু, দুঃখজনক ভাবে সবচেয়ে বেশি সমালোচনা পান নিজের দেশেই। আমরা নিজেদেরই ছোট ভাবি। এটা সত্যিই দুঃখজনক।”
উল্লেখ্য, পরে অবশ্য বেশ কিছু ভিডিয়ো ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় ডুয়া লিপার সঙ্গে বসে কথা বলছেন প্রিয়ঙ্কা। কিছু দিন আগে অস্কারের মঞ্চেও প্রিয়ঙ্কাকে সঞ্চালনা করতে দেখা গিয়েছিল।