Rahul Arunoday Banerjee

মধ্যরাতে তালসারি থানায় রাহুলের মৃত্যুর তদন্ত দাবি করে এফআইআর দায়ের করলেন স্ত্রী প্রিয়াঙ্কা, সঙ্গে ছিলেন প্রসেনজিৎ, তিনি কী বললেন?

শনিবার প্রথমে রিজেন্ট পার্ক থানায় এফআইআর দায়ের করা হয়েছিল আর্টিস্ট ফোরামের তরফে। এ বার তালসারি থানায় গিয়ে এফআইআর করলেন অভিনেতা-পত্নী প্রিয়াঙ্কা।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৬ ১০:৩৭
শনিবার  প্রিয়াঙ্কাকে আগলে ছিলেন প্রসেনজিৎ।

শনিবার প্রিয়াঙ্কাকে আগলে ছিলেন প্রসেনজিৎ। ছবি: সংগৃহীত।

সময় তখন প্রায় রাত ১১টা। তালসারি থানায় পৌঁছোন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। সঙ্গে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। মাঝরাতে থানা থেকে বেরিয়ে প্রসেনজিৎ বললেন, “রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা এফআইআর দায়ের করেছেন। বিস্তারিত অনলাইনে পাওয়া যাবে।”

Advertisement

শনিবার সকাল থেকে প্রিয়াঙ্কাকে আগলে ছিলেন প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা। কারণ, ওই দিন সকালেই কলকাতার রিজেন্ট পার্ক থানায় আর্টিস্ট ফোরামের তরফে প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআর করা হয়। প্রসঙ্গত, ওই প্রযোজনা সংস্থার একটি ধারাবাহিকের শুটিং করতে গিয়েই মৃত্যু হয় অভিনেতা রাহুলের।

‘ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার প্রাইভেট লিমিটেড’-এর কর্ণধার পরিচালক শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায়-সহ অন্যদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে সেই এফআইআর-এ। অভিযোগ অনুযায়ী, তাঁরা পরিকল্পিতভাবে অবহেলাজনিত ও বিপজ্জনক পদ্ধতিতে শুটিং পরিচালনা করছিলেন, যা জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। এর ফলেই অভিনেতার মৃত্যু ঘটে। এ ছাড়াও, রাহুলের মৃত্যুর ঘটনা জানাজানি হওয়ার পরে অভিযুক্তরা মিথ্যা তথ্য প্রচার করেছেন বলেও অভিযোগ করা হয়েছে সেই এফআই আর-এ।

২৯ মার্চ, তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়েছিলেন রাহুল। সেখানেই মৃত্যু ঘটে তাঁর। প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী জলে ডুবেই মৃত্যু হয়েছে অভিনেতার। কিন্তু, কী ভাবে ঘটল সেই ঘটনা? কেন ঘটল? তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। রাহুলের মৃত্যুর স্বচ্ছ এবং পূর্ণাঙ্গ তদন্তের দাবিতেই পুলিশে দ্বারস্থ তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা এবং টলিউডের একাংশ।

Advertisement
আরও পড়ুন