কঠিন পরিস্থিতিতেও স্ত্রীর জন্য কী করলেন রাঘব? ছবি: সংগৃহীত।
আলোচনায় রাঘব চড্ঢা। তাঁর বক্তব্য বহু মানুষের মন কেড়েছে। কিন্তু সম্প্রতি তাঁকেই রাজ্যসভায় দলের ডেপুটি নেতার পদ থেকে সরিয়ে দেয় আপ। অনুরাগীরা ক্ষোভপ্রকাশ করেছেন বিষয়টি নিয়ে। তবে এই টালমাটাল অবস্থার মধ্যেও স্ত্রী পরিণীতি চোপড়ার প্রশংসা করলেন রাঘব চড্ঢা। স্ত্রীর কাজে তিনি গর্বিত।
গত বছর পুত্রসন্তানের মা হয়েছেন পরিণীতি। তার পরে তিনি ‘মম টক্স’ নামে একটি অনুষ্ঠান শুরু করেছেন। তিনি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই অনুষ্ঠানের ঝলক ভাগ করে নিয়েছেন। অনুষ্ঠানে গর্ভাবস্থা, সন্তানপালন এবং মাতৃত্বকে ঘিরে থাকা নানা সমস্যা ও সামাজিক ধারণা নিয়ে কথা বলবেন পরিণীতি। রাঘব এই নতুন উদ্যোগকে সমর্থন জানিয়ে একটি মন্তব্য করেছেন।
পরিণীতির ভাগ করে নেওয়া ঝলকে অভিভাবকত্ব নিয়ে নানা কথা হবে। নেহা ধুপিয়া, বিক্রান্ত ম্যাসে, শীতল ঠাকুর, ইমরান খান, গওহর খান, জ়ায়েদ দরবার, দিশা পরমার-সহ বহু তারকা যোগ দেবেন এবং অভিজ্ঞতা তুলে ধরবেন। সেই ঝলকের মন্তব্য বিভাগে রাঘব লিখেছেন, “খুব গর্বিত! অভিনন্দন। সব সময়ে তোমার পাশে আছি।”
এ দিকে, আম আদমি পার্টি (আপ) হঠাৎ করেই বৃহস্পতিবার রাজ্যসভায় দলের ডেপুটি নেতার পদ থেকে রাঘবকে সরিয়ে দেয় এবং তাঁর জায়গায় অন্য সাংসদ অশোক মিত্তলকে নিয়োগ করে। এই সিদ্ধান্তের পর রাঘব সমাজমাধ্যমে মন্তব্য করেন, তাঁকে চুপ করানো হয়েছে, কিন্তু তিনি পরাজিত নন। পরিণীতিও তাঁর সমর্থনে সেই ভিডিয়োটি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছিলেন।
উল্লেখ্য, রাঘব ক্ষোভপ্রকাশ করে বলেন, “আমার বিরুদ্ধে পরিকল্পিত ভাবে প্রচার চালানো হচ্ছে।” রাঘব সংসদের শেষ অধিবেশনে পিতৃত্বকালীন ছুটি এবং ভাল পরিচর্যা ব্যবস্থার প্রয়োজনীয়তার বিষয়টিও তুলেছিলেন। এই উদ্যোগের জন্য পরিণীতি তাঁর প্রশংসা করেছিলেন।