রণবীর কপূর, পৃথ্বীরাজ কপূরের কোন কাজটি করলেন? ছবি: ফেসবুক।
প্রপিতামহ যে কাজ ৯৩ বছর আগে করেছিলেন, এতগুলো বছর পরে সেই একই কাজ করতে চলেছেন অভিনেতা রণবীর কপূর! কথা হচ্ছে তাঁর প্রপিতামহ পৃথ্বীরাজ কপূরকে নিয়ে। পৃথ্বীরাজ সেই কাজটি করে আন্তর্জাতিক মঞ্চে সম্মানিতও হয়েছিলেন!
রণবীরের মুকুটেও কি তেমন কোনও পালক যুক্ত হবে? একই পরিবারের দুই সদস্যের মধ্যে এত মিল দেখে স্বাভাবিক ভাবেই আলোচনা বিনোদনদুনিয়ায়। একই সঙ্গে কৌতূহলী সকলে। কপূর পরিবারের ‘ফিল্মি’যোগ যাঁর হাত ধরে তাঁর এমন কোন কাজ করতে চলেছেন রণবীর?
জানা গিয়েছে, ৯৩ বছর আগে রণবীরের মতোই বড়পর্দায় ‘রাম’ হয়েছিলেন পৃথ্বীরাজ। ১৯৩৩ সালে দেবকী বসুর পরিচালনায় ‘সীতা’ ছবিতে রামের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ছবিতে পৃথ্বীরাজের বিপরীতে সীতা হয়েছিলেন দুর্গা খোটে। প্রযোজনায় ইস্ট ইন্ডিয়া ফিল্ম কোম্পানি। খবর, ভারতের বাইরেও ‘সীতা’ জনপ্রিয় হয়েছিল। যার ফলে ১৯৩৪ সালে দ্বিতীয় ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ সম্মান পেয়েছিল ছবিটি এবং সম্মানিত হয়েছিলেন তার অভিনেতারা। পাশাপাশি, ‘সীতা’ ছিল কোনও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত প্রথম ভারতীয় সবাক ছবি। দেবকী বসুর ‘সীতা’ নিজের দেশেও ভিন্ন ধারার ছবি তৈরির পথ দেখিয়েছিল।
সদ্য মুক্তি পেয়েছে নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ ছবির প্রচার-ঝলক। প্রকাশ্যে এসেছে রণবীরের ‘লুক’। খবর, অভিনেতাকে ‘রাম’ রূপে দেখার পরেই অতীত ফিরে দেখেছে হিন্দি বিনোদনদুনিয়া। রণবীরের এই বিশেষ চেহারা নাকি মনে করিয়ে দিয়েছে পৃথ্বীরাজের কথা। যদিও এর আগে একাধিক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, তিনি এই চরিত্রে অভিনয়ের জন্য সঠিক নন। তাঁর কথায়, “প্রযোজক নমিত মলহোত্রকে সরাসরি জানিয়েছিলাম, আমি হয়তো চরিত্রটির সঙ্গে সুবিচার করতে পারব না। পরে অবশ্য মনে হয়েছে, আমার জন্য এই ছবিটির প্রয়োজন ছিল। সে সময়ে সবে রাহা জন্মেছে। আমার মধ্যে কিছু পরিবর্তন আসার প্রয়োজন ছিল।” প্রসঙ্গত, ‘রাম’ হবেন বলেই রণবীর মদ্যপান, মাংস খাওয়া ছেড়েছেন। নিয়ন্ত্রিত জীবনযাপন করেছেন।
রণবীরের ‘লুক’ এবং ‘রামায়ণ’-এর ঝলক প্রকাশ্যে আসার পরে দর্শক তাঁকে দেখে আপ্লুত। তাঁদের দাবি, রাজ্যাভিষেক থেকে পঞ্চবটীর বনে নির্বাসন পর্যন্ত রণবীর এই পৌরাণিক চরিত্রের সাবলীলতা, কমনীয়তা, ধীরস্থির আচরণ যথেষ্ট যত্নের সঙ্গে ফুটিয়ে তুলেছেন।