Deepika Padukone-Ranveer Singh

‘যৌনতা নয়, ওদের চুম্বনে শুধুই প্রেমের পরশ’, দীপিকা-রণবীরকে নিয়ে কোন প্রসঙ্গে এমন মন্তব্য?

রণবীর ও দীপিকার গভীর চুম্বন নিয়ে প্রবল আলোচনা হয়েছিল সেই সময়ে। চুম্বনের দৃশ্য হলেও, তার মধ্যে যৌনতার আবেশ খুঁজে পেয়েছিলেন অনুরাগীরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ১৩:২৪
কেন দীপিকা-রণবীরের চুম্বন আলোচনায়?

কেন দীপিকা-রণবীরের চুম্বন আলোচনায়? ছবি: সংগৃহীত।

‘গোলিয়োঁ কি রাসলীলা রামলীলা’ ছবির সময় থেকে ঘনিষ্ঠতা তৈরি হয় রণবীর সিংহ ও দীপিকা পাড়ুকোনের। ছবিতে ছিল বেশ কিছু অন্তরঙ্গ দৃশ্য। রণবীর ও দীপিকার গভীর চুম্বন নিয়েও সেই সময়ে কম আলোচনা হয়নি। চুম্বনের দৃশ্য হলেও, তার মধ্যে নাকি যৌনতার আবেশ খুঁজে পেয়েছিলেন অনুরাগীরা। তবে পরিচালক জানিয়েছিলেন অন্য কথা।

Advertisement

ছবিতে দীপিকা ও রণবীরের সেই চুম্বন দৃশ্য নিয়ে খোলাখুলি কথা বলেছিলেন সঞ্জয় লীলা ভন্সালী। তাঁর মতে সেই চুম্বনে ছিল শুধুই প্রেম। যৌনতা নয়। পরিচালক সাক্ষাৎকারে বলেছিলেন, “চুম্বন ভালবাসার একটি স্বাভাবিক প্রকাশ। এটি কবিতার মতো, এর মধ্যে অশ্লীলতা নেই। আমি যৌনতা নয়, সংবেদনশীলতা দেখানোর চেষ্টা করেছি।”

সেই সময়ে এই দৃশ্যটি যেমন প্রশংসা কুড়িয়েছিল, তেমনই সমালোচনার মুখেও পড়েছিল। রঙের উচ্ছ্বাস, ঢোলের তালের মাঝে, তীব্র আবেগে ভরপুর রাম ও লীলার (রণবীর-দীপিকা) চুম্বন ওই ছবির অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে উঠেছিল। অনেকে এই দৃশ্যকে সাহসী ও গভীর হিসাবে দেখেছিলেন। আবার কেউ কেউ এর প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন। তবে ভন্সালী তাঁর শিল্পীসত্তার সঙ্গে আপস করেননি।

ওই দৃশ্যের প্রয়োজনীয়তা প্রসঙ্গে ভন্সালী বলেছিলেন, “রাম-লীলার প্রেমে আগ্রাসন দেখানো হয়েছে। আমার চরিত্ররা সামাজিক বাধা ভেঙে আবেগের সঙ্গে পুরোপুরি প্রেমে নিমজ্জিত হয়।” ভন্সালী আরও দাবি করেছিলেন, এই চুম্বন কোনও প্রদর্শনীর জন্য নয়। বরং চরিত্রগুলোর অন্তরের অশান্তি ও তীব্রতা দেখাতেই এই দৃশ্যের ব্যবহার হয়েছে।

রণবীর ও দীপিকার রসায়ন সেই মুহূর্তে দর্শককে মুগ্ধ করেছিল। পর্দার প্রেম পরে বাস্তব জীবনে পরিণতি পেয়েছিল। এই ছবির সেট থেকেই প্রেম শুরু তাঁদের। প্রথম দিকে মুখে কুলুপ এঁটেছিলেন তাঁরা। পরে, ২০১৮ সালে বিয়ের পিঁড়িতে বসেছিলেন রণবীর ও দীপিকা।

Advertisement
আরও পড়ুন