Updates Of Sushanta Singh Rajput Death Case

প্রমাণের অভাবে সুশান্ত-মৃত্যুর অভিযোগ থেকে মুক্তি! রিয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার নির্দেশ

একের পর এক জট খুলছে। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর সঙ্গে সম্পর্কিত মাদক-মামলায় জড়িত সন্দেহে ব্যাঙ্কের অ্যাকাউন্ট ফ্রিজ় করা হয়েছিল রিয়ার। সেই সমস্যা থেকেও রেহাই পেলেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ১১:৪৪
রিয়া চক্রবর্তী এবং সুশান্ত সিংহ রাজপুত।

রিয়া চক্রবর্তী এবং সুশান্ত সিংহ রাজপুত। ছবি: সংগৃহীত।

অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর নেপথ্যে মাদকাসক্তি ও তা সরবরাহের অভিযোগ ওঠে তাঁর প্রেমিকা-অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে। অভিযোগ ছিল রিয়ার ভাই শৌভিকের বিরুদ্ধেও। দীর্ঘ টানাপড়েনের পরে সেই অভিযোগের ভার নেমেছে ভাই-বোনের মাথা থেকে। এর জেরে ‘ফ্রিজ়’ করা হয়েছিল রিয়া এবং শৌভিকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট। খবর, সেই সমস্যা থেকেও এ বার রেহাই পাচ্ছেন তাঁরা।

Advertisement

সংবাদমাধ্যমে প্রকাশ, শনিবার বিশেষ এনডিপিএস আদালত অভিনেত্রী এবং তাঁর ভাইয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি মুক্ত করার নির্দেশ দিয়েছে। প্রসঙ্গত, অভিনেতা সুশান্তের মৃত্যুর সঙ্গে সম্পর্কিত মাদক মামলার তদন্তের সময় ২০২০ সালে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি) এই অ্যাকাউন্টগুলো ফ্রিজ় করেছিল। আদালতের রায়, সংস্থাটি বাধ্যতামূলক পদ্ধতি অনুসরণ করতে ব্যর্থ হয়েছে। খবরে প্রকাশ, ভাই-বোন দু’জনেই তাঁদের আইনজীবী আয়াজ় খান এবং জেহরা চরণিয়ার সহায়তায় বিশেষ আদালতে অ্যাকাউন্টগুলি ‘ডি-ফ্রিজ়’ করার আবেদন করেছিলেন। আবেদনে তাঁরা দাবি করেছিলেন, এনসিবি আইনি নিয়মাবলী মেনে চলতে ব্যর্থ হয়েছিলেন।

রিয়া-শৌভিকের দুই আইনজীবী আদালতকে জানিয়েছেন, এনসিবি ১৯৮৫ সালের নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস (এনডিপিএস) আইনের ৬৮এফ ধারা অনুসরণ করেনি। এই ধারা অবৈধ ভাবে সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষেত্রে প্রয়োগ করা হয়। আইনজীবীদের যুক্তি, এর থেকেই প্রমাণিত, সংস্থাটি রিয়া-শৌভিকের অ্যাকাউন্ট অবৈধ ভাবে বন্ধ করেছিল। তাঁদের আইনজীবীরা আরও জানান, ওই ধারা অনুযায়ী, অ্যাকাউন্ট ‘ফ্রিজ়’ করার ৩০ দিনের মধ্যে এনবিসিকে ব্যাঙ্ক কর্তৃপক্ষের থেকে একটি আনুষ্ঠানিক নির্দেশ নিতে হয়। কিন্তু, রিয়া-শৌভিকের ক্ষেত্রে সংস্থা নাকি সে রকম কোনও নির্দেশও নেয়নি।

খবর, আইনজীবীদের দেওয়া তথ্যকে মান্যতা দিয়ে এর পরেই রিয়া এবং শৌভিকের ‘ফ্রিজ়’ করা ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement
আরও পড়ুন